৫২ বছরে পা দিলেন বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা। তার বয়স যেন সামনে দৌড়াচ্ছে না; বরং উল্টো দিকে হাঁটছে। পঞ্চাশের দোরগোড়ায় পৌঁছেও কীভাবে এমন যৌবন ধরে রেখেছেন, সে নিয়ে নানা কথা শুনতে হয় অভিনেত্রীকে। শুধু তাই নয়, অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে তার প্রেম চলাকালে তাদের বয়সের ফারাক নিয়েও নিত্যদিন কটাক্ষের মুখে পড়তে হতো অভিনেত্রীকে।
আবার অর্জুনের সঙ্গে অভিনেত্রীর সম্পর্ক ভাঙার পরও বারবার তা জোড়া লাগার গুঞ্জন ছড়িয়েছে। সেই গুঞ্জন জোরালো করেছে অর্জুন। সামাজিক মাধ্যমে মালাইকার জন্মদিন নিয়ে একটি স্ট্যাটাস দিয়ে অভিনেতা লিখেছেন— শুভ জন্মদিন। সবসময় এমনই উচ্চতায় থেকো। হাসিটা বজায় রেখো এবং খোঁজ চালিয়ে যাও। এই খোঁজ চালিয়ে যাওয়ার মধ্যে কোন ইঙ্গিত দিতে চেয়েছেন অর্জুন? সেটি স্পষ্ট নয়।
গত বছর জুন মাসে মালাইকা-অর্জুনের বিচ্ছেদের খবর প্রথম শোনা গিয়েছিল। দুজনের একটি ঘনিষ্ঠ সূত্র বিচ্ছেদের জল্পনায় সিলমোহর দিয়েছিলেন। বিচ্ছেদ হলেও নাকি সৌজন্য বজায় থাকবে বলে জানিয়েছিল সেই সূত্র। কিন্তু তারপরেই অর্জুনের জন্মদিনে মালাইকার অনুপস্থিতি চোখে পড়ে ভক্ত-অনুরাগীদের।
তবে মালাইকার বাবার মৃত্যুর খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছে গিয়েছিলেন অর্জুন। দুঃসময়ে সাবেক প্রেমিকার পাশে ছিলেন তিনি। সম্পর্ক বা বিচ্ছেদ নিয়ে কখনোই প্রকাশ্যে কিছু জানাননি মালাইকা।
মালাইকার বিচ্ছেদ হলেও তবু যেন ভুলতেই পারছেন না অর্জুন। প্রায়ই অর্জুনের মুখে শোনা যায় মালাইকার কথা। অভিনেত্রীর যে কোনো সমস্যায় সর্বদা অর্জুন পাশে এসে দাঁড়িয়েছেন। অভিনেত্রীর জন্মদিনে তার জন্য প্রার্থনা করেছেন সাবেক এ প্রেমিক?











































