ছবি : রয়টার্স
প্যারাগুয়ের জাতীয় ফুটবল দলের নিয়মিত মিডফিল্ডার আন্দ্রেস কুবাস যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর বিপক্ষে দুই ম্যাচেই ছিলেন দলের পরিকল্পনায়। কিন্তু এক অদ্ভুত দুর্ভাগ্যের কারণে শেষ পর্যন্ত মাঠেই নামতে পারলেন না তিনি। ওয়াশিং মেশিনে পাসপোর্টসহ ট্রাউজার দিয়ে ভেস্তে যায় সব পরিকল্পনা।
কানাডার ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপস–এর হয়ে খেলেন কুবাস।
সেখান থেকেই জাতীয় দলের ক্যাম্পে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা ছিল তার। কিন্তু কানাডা থেকে বের হতেও যে পাসপোর্ট লাগে! আর সেটিই হারিয়ে ফেলেছিলেন এই মিডফিল্ডার।
ঘটনার বিবরণ দিয়েছেন কুবাসের বাবা ফ্রান্সিস্কো কুবাস। প্যারাগুয়ের এবিসি টিভিকে তিনি বলেন, ‘সে তালগোল পাকিয়ে ফেলেছিল।
ভুলে পাসপোর্টটা ট্রাউজারের ভেতর রেখে দেয়। আর যে মেয়ে কাজ করে, সেও খেয়াল করেনি—ওয়াশিং মেশিনে ধুতে দিয়ে দেয়। এরপর আর কিছুই অবশিষ্ট ছিল না। ছেলে খুবই বিরক্ত।
’
২০১৯ সাল থেকে জাতীয় দলে নিয়মিত কুবাস এবারও দলে জায়গা পেয়েছিলেন। ঘটনার পর দ্রুতই নতুন পাসপোর্ট পাওয়া যায়। কিন্তু ভিসা প্রক্রিয়া শেষ না হওয়ায় সময়মতো কানাডা ছাড়তে পারেননি তিনি। ফলে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর বিপক্ষে কোনো ম্যাচেই অংশ নিতে পারেননি।










































