সংগৃহীত ছবি
বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুরের নাকের অস্ত্রোপচার নিয়ে দীর্ঘদিন ধরেই নানা আলোচনা-সমালোচনা। এবার সেই বিষয়টি নিয়ে আর লুকোচুরি করলেন না অভিনেত্রী।নিজের অস্ত্রোপচারের কথা স্বীকার করার পাশাপাশি অভিনয়ে আসার সিদ্ধান্তে প্রয়াত মা শ্রীদেবীর প্রতিক্রিয়া এবং সৌন্দর্যচর্চায় মায়ের প্রভাব নিয়েও মুখ খুলেছেন তিনি।
মজার ছলে জাহ্নবীর দাবি, নাকের অস্ত্রোপচারের পরই নাকি তার মধ্যে অভিনয়ের সম্ভাবনা দেখতে শুরু করেছিলেন মা।
২০১৮ সালে শশাঙ্ক খৈতানের পরিচালনায় ‘ধড়ক’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় জাহ্নবীর। তবে বড় পর্দায় পা রাখার কয়েক মাস আগেই মারা যান তার মা, কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবী।মেয়েকে নিজের মতো অভিনেত্রী হিসেবে দেখতে চাইতেন না তিনি। যদিও সময়ের সঙ্গে মেয়ের অভিনয়ে আসার সিদ্ধান্ত মেনে নেন এই অভিনেত্রী।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনয়ে আসার সিদ্ধান্ত নিয়ে মায়ের সঙ্গে হওয়া কথোপকথনের স্মৃতিচারণ করেন জাহ্নবী। তিনি জানান, একদিন মাকে নিজের অভিনয়ে আসার ইচ্ছার কথা জানিয়েছিলেন।মেয়ের মুখে এমন কথা শুনে প্রথমে অবাক হয়েছিলেন শ্রীদেবী। পরে সম্মতি জানিয়ে বলেছিলেন, ‘ঠিক আছে, তবে এই কাজের জন্য তোমাকে নিজের পুরো জীবনটা দিয়ে দিতে হবে!’
মায়ের সেই প্রতিক্রিয়ার প্রসঙ্গেই নিজের নাকের অস্ত্রোপচারের বিষয়টি সামনে আনেন জাহ্নবী। হাস্যরসের ছলে অভিনেত্রী বলেন, ‘আগে মা একটু দ্বিধায় ছিলেন। তবে আমার নাকের অস্ত্রোপচারের পরেই বোধ হয় তার মনে হয়েছিল, আমার মধ্যে সম্ভাবনা রয়েছে!’
শুধু নিজের অস্ত্রোপচার নয়, সৌন্দর্যচর্চা নিয়েও খোলামেলা কথা বলেছেন জাহ্নবী। তার মতে, সৌন্দর্যচর্চা ও অস্ত্রোপচারের বিষয়গুলো তার বেড়ে ওঠার অভিজ্ঞতার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।কারণ, তার মা শ্রীদেবীও নাকের অস্ত্রোপচার করিয়েছিলেন। মায়ের সেই সিদ্ধান্ত তাদের পারিবারিক জীবনেও বড় প্রভাব ফেলেছিল। সৌন্দর্য সম্পর্কে নিজের দৃষ্টিভঙ্গি গড়ে ওঠার পেছনেও মায়ের প্রভাব রয়েছে বলে জানিয়েছেন অভিনেত্রী।
এর আগে গত বছর অ্যামাজন প্রাইম ভিডিওর আড্ডাভিত্তিক অনুষ্ঠান ‘টু মাচ’-এ অংশ নিয়ে নিজের প্রসাধনসংক্রান্ত অস্ত্রোপচার নিয়ে কথা বলেন জাহ্নবী। সেখানে তিনি বলেন, ‘আমার মনে হয়, আমি যা করিয়েছি, তা খুব ভেবেচিন্তে, সংযতভাবে এবং যথাযথভাবেই করেছি। অবশ্যই এ ক্ষেত্রে মায়ের পরামর্শ ও দিকনির্দেশনা পেয়েছি।’









































