তথ্য ফাঁসের অভিযোগে চাকরি হারালেন সুজি ওয়াইলস

গত সপ্তাহে মধ্যবর্তী নির্বাচনে পরাজয়ের পর নানা পর্যায়ে রদবদল করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে পরিবর্তনের প্রথম কোপটা পড়েছিল হোয়াইট হাউসের চিফ অব স্টাফ সুজি ওয়াইলসের ঘাড়ে।শনিবার ট্রাম্প ওয়াইলসকে সরিয়ে তার ডেপুটি স্টিফেন মিলারকে চিফ অব স্টাফ হিসেবে নিয়োগ দেন। হোয়াইট হাউসের প্রথম নারী চিফ অব স্টাফ সুজি ওয়াইলসকে সরিয়ে দেয়ার সময় অবশ্য ট্রাম্প তার প্রশংসা করেছিলেন এবং বলেছিলেন নির্বাচনের পরাজয়ের সাথে এ রদবদলের কোনো সম্পর্ক নেই।

তবে দ্য নিউ ইয়র্ক টাইমস জানাচ্ছে ভিন্নকথা। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প বেশ কিছুদিন ধরেই ওয়াইলসের ওপর ক্ষুব্ধ ছিলেন এবং অন্যান্য কর্মীদের সামনেই তাকে তীব্র ভর্ৎসনা করেন।ট্রাম্প বলেন যে, তার প্রশাসন যাদের ‘তথ্য ফাঁসকারী’ বলে মনে করে, তাদের খুঁজে বের করতে ওয়াইলস দ্রুত পদক্ষেপ নেননি। এমনকি তিনি ওয়াইলসের বিরুদ্ধেও নিজে তথ্য ফাঁসের সাথে জড়িত থাকার অভিযোগ তোলেন।

এই রদবদলের আগে ট্রাম্প সাংবাদিকদের বলেছিলেন যে, তিনি একটি পরিবর্তন আনতে চান। তিনি বলেন, ‘ওয়াইলস একটি চমৎকার কাজ করলেও জীবনে মাঝেমধ্যে কিছু পদক্ষেপ নিতেই হয়।’ মিলার ভিন্ন কী করবেন জানতে চাওয়া হলে ট্রাম্প বলেন, ‘শুধু সবকিছু ভালোভাবে পরিচালনা করবেন।’

তবে ট্রাম্পের এই প্রকাশ্য মন্তব্যের আড়ালে ব্যক্তিগতভাবে আরো গভীর কিছু আলোচনা চলছিল। তিনি এই নির্বাচনি ফলাফলের জন্য ওয়াইলস এবং অন্যান্য রাজনৈতিক উপদেষ্টাদের দায়ী করেন এবং দাবি করেন যে মধ্যবর্তী নির্বাচনের আগে তাকে সঠিক পরামর্শ বা সেবা দেওয়া হয়নি।

গত মঙ্গলবার রাতে হোয়াইট হাউসের ইস্টরুমে আয়োজিত এক নির্বাচনী ওয়াচ পার্টিতে ট্রাম্প অনেকের সামনেই ওয়াইলসের সমালোচনা করেছিলেন। সাম্প্রতিক দিনগুলোতে ট্রাম্প এমনকি ওয়াইলসকে নিয়োগ সংক্রান্ত সিদ্ধান্ত থেকেও দূরে সরিয়ে দিয়েছিলেন, যার প্রমাণ মেলে যখন তিনি সাবেক প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিটের জায়গায় কেটি জ্যাকারিয়া নামের একজন অনভিজ্ঞ টিভি পণ্ডিতকে বেছে নেন।

পদ ছাড়ার আগে ওয়াইলস ট্রাম্পের অধীনে কাজ করাকে ‘জীবনের অন্যতম সেরা সম্মান’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি আরও যোগ করেন, ‘আমার ভূমিকা পরিবর্তিত হলেও প্রেসিডেন্টের প্রতি এবং আমাদের লক্ষ্যের প্রতি আমার অঙ্গীকার কখনোই কমবে না।’

নির্বাচনে পরাজয়ের পর প্রথম কয়েক দিন ট্রাম্পকে বেশ মার্জিত ও সমঝোতাবাদী মনে হয়েছিল। এমনকি তিনি বলেছিলেন যে, তিনি ডেমোক্র্যাটদের সাথে কাজ করার জন্য উন্মুখ এবং তাদের সাথে মিলেমিশে চলবেন। তবে সপ্তাহ শেষ হতেই তিনি আবার তার চেনা রূপে ফিরে গেছেন, তার ‘মাগা’ আন্দোলনকে আরো তীব্র করার কাজে মনোযোগ দেন। চিফ অব স্টাফ হিসেবে কট্টরপন্থি স্টিফেন মিলারের নিয়োগের মধ্য দিয়েই ট্রাম্প বুঝিয়ে দিয়েছেন, সামনের দিনগুলোতে তিনি তার নীতি বা দৃষ্টিভঙ্গি বদলাচ্ছেন না। দেশজুড়ে অভিবাসীদের আটক করা এবং ক্যারিবিয়ান সাগর ও পূর্ব প্রশান্ত মহাসাগরে বিদেশি আগ্রাসন ঘোষণা করে নৌকাগুলোতে বোমা ফেলার মতো ট্রাম্পের সবচেয়ে আগ্রাসী সিদ্ধান্তগুলোর পেছনে মিলার জড়িত ছিলেন। 

প্রতিবেদন অনুযায়ী, মিলার ইঙ্গিত দিয়েছেন যে কংগ্রেসের ডেমোক্র্যাটদের সাথে আলোচনা বা সমঝোতা করার কোনো ইচ্ছা তার নেই। বরং ক্যাপিটল হিল থেকে যেসব সমন এবং তদন্তের মুখোমুখি হতে হবে, সেগুলোকে চ্যালেঞ্জ করার জন্য তিনি নিজেকে প্রস্তুত রাখছেন।

সংশ্লিষ্টরা উল্লেখ করেছেন যে, মিলারের মূল লক্ষ্য হলো বিভক্ত হয়ে পড়া ‘মাগা’ জোটকে আবার একত্রিত করা এবং এমন সব উদ্যোগকে এগিয়ে নেওয়া যা ২০২৪ সালের নির্বাচনে ট্রাম্পের বিজয়ের পেছনে থাকা ভোটারদের আবার সক্রিয় করে তুলবে। সূত্র : এনডিটিভি

LEAVE A REPLY