টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারি এখন তাইজুল ইসলাম।
টেস্টে সাবেক নাম্বার ওয়ান অলরাউন্ডার সাকিব আল হাসানকে ছাড়িয়ে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারি এখন তাইজুল ইসলাম। রেকর্ড স্পর্শ করার পরের দিনই ছুঁয়ে ফেলেছেন নতুন এক উচ্চতা। স্বাভাবিকভাবেই পেয়েছেন অসংখ্য শুভেচ্ছাবার্তা। তবে সাকিব আল হাসানের বার্তাটি তার কাছে নিশ্চয়ই একটু আলাদাই।
দীর্ঘদিন বাংলাদেশের টেস্টে সর্বোচ্চ উইকেটের মালিক ছিলেন সাকিব। সেই রেকর্ডটাই এই মিরপুর টেস্টে ছাড়িয়েছেন তাইজুল। রেকর্ড হারালেও সামাজিক যোগাযোগ মাধ্যমে তাইজুলকে অভিনন্দন জানিয়ে লিখেছেন, ‘অভিনন্দন তাইজুল। আমি মনে করি, ক্যারিয়ার শেষে তোমার নামের পাশে ৪০০ উইকেট থাকবে।
শুভকামনা।’
২৪২ টেস্ট উইকেট নিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্ট শুরু করেছিলেন তাইজুল। তখনো সাকিবের চেয়ে ৪ উইকেট পিছিয়ে। প্রথম ইনিংসেই ছুঁয়ে ফেলেন সাকিবকে।
দ্বিতীয় ইনিংসের শুরুতেই অ্যান্ডি বিলবার্নিকে এলবিডব্লু করে পেয়ে যান সেই কাঙ্ক্ষিত উইকেট, এর মাধ্যমেই নাম লেখান ইতিহাসের পাতায়। বাংলাদেশের হয়ে টেস্টে সবচেয়ে বেশি উইকেট এখন তার।
রেকর্ড গড়ার পর থেমে থাকেননি ৩২ বছর বয়সী এই বাঁহাতি স্পিনার। আরও তিনটি উইকেট যোগ করে ২৫০ উইকেট পূর্ণ করে ক্যারিয়ারের পরিসংখ্যান করেছেন আরও সমৃদ্ধ।









































