উইকেট নেওয়ার পর আজ নাগিন ড্যান্স করেছেন মিরাজ। ছবি : এক্স থেকে
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) স্পিন মায়াজাল মেহেদী হাসান মিরাজের। এতটাই স্পিনবিষ ছড়াচ্ছেন যে তাতে প্রতিপক্ষের ব্যাটাররা নীল হতে বাধ্য হচ্ছেন।তাতে নিজেকেও ছাড়িয়ে যাচ্ছেন বাংলাদেশি অফস্পিনার।
সিপিএলের অভিষেক পারফরম্যান্সকে আজ ছাড়িয়ে গেছেন মিরাজ। ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে আজ ৪ উইকেট নিয়েছেন বাংলাদেশি অফস্পিনার। ২৩ রান খরচ করে শিকার করেছেন কলিন মুনরো, নিকোলাস পুরান, জিদ গুলি ও সুনীল নারাইনকে।
একটা একটা করে উইকেট নেন আর নাগিন ড্যান্স করেন মিরাজ। সেইন্ট লুসিয়া কিংসের বিপক্ষে প্রথম ম্যাচে ১৩ রানে ৩ উইকেট নিয়েছিলেন ২৮ বছর বয়সী স্পিনার। দুর্দান্ত পারফরম্যান্সের জন্য পরে ম্যাচসেরার পুরস্কারও জিতেছেন মিরাজ। তাতে প্রথমবার ম্যাচসেরার পুরস্কার জিতলেন তিনি।
মিরাজের দুর্দান্ত বোলিংয়ে প্রভিডেন্সে ১২৬ রানের বেশি করতে পারেনি ত্রিনবাগো। প্রতিপক্ষের হয়ে সর্বোচ্চ ৩৫ রান করেছেন জাস্টিন গ্রেভস।
লক্ষ্য তাড়া করতে নেমে ৮ বল হাতে রেখে ৬ উইকেটের জয় পেয়েছে গায়ানা। তবে ব্যাটিংটা আজও বাজে হয়েছে মিরাজের। প্রথম ম্যাচের ১ রানের বিপরীতে আজ ১৪ বলে মাত্র ২ রান করতে পেরেছেন তিনি।তাতে কিছুটা চাপে পড়লেও জয় পেতে সমস্যা হয়নি গায়ানার। ৪২ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জয় এনে দিয়েছেন শাই হোপ। ছক্কা হাঁকিয়ে দলকে জয় এনে দিয়েছেন উইকেটরক্ষক ব্যাটার।
এ জয়ে সিপিএলের শীর্ষস্থান নিশ্চিত করেছে গায়ানা। বর্তমান ৯ ম্যাচে তাদের পয়েন্ট ১৬। আর কোনো দলই তাদের সমান পয়েন্ট নিতে পারবে না। উল্টো গায়ানার পয়েন্ট আরো বাড়তে পারে। এখনো এক ম্যাচ বাকি রয়েছে তাদের। লিগ পর্বের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ বার্বাডোজ ট্রাইডেন্টস।











































