‘কোহলির ১০০ সেঞ্চুরি করা সময়ের ব্যাপার’

বিরাট কোহলি

ভারতের ব্যাটিং আইকন বিরাট কোহলির আন্তর্জাতিক শতকের সংখ্যা ১০০-তে পৌঁছানো শুধু সম্ভবই নয়, বরং খুব বাস্তবসম্মত, এমনটাই মনে করছেন কিংবদন্তি ওপেনার সুনীল গাভাস্কার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে ভারতের ২–১ জয়ের পর কোহলির অনবদ্য ধারাবাহিকতা দেখে আশাবাদী হয়েছেন তিনি।

বিশাখাপত্তনমে শেষ ওয়ানডেতে অপরাজিত ৬৫ রানের ইনিংস খেলে সিরিজসেরা নির্বাচিত হন কোহলি। তিন ম্যাচে তার সংগ্রহ ৩০২ রান।

দুটি শতক ও একটি অর্ধশতকসহ। আন্তর্জাতিক ক্রিকেটে তার শতক এখন ৮৪; শচীন টেন্ডুলকারের রেকর্ড ১০০ শতক থেকে মাত্র ১৬ পিছিয়ে।

গাভাস্কার বলেন, ‘এই ফর্মে থাকলে কোহলির পক্ষে ১০০ শতক ছোঁয়া সময়ের ব্যাপার। আরো তিন বছর খেললে ১৬ শতক করাটা তার মতো ব্যাটারের জন্য কঠিন নয়।

তিনি আরো যোগ করেন, কোহলি বর্তমানে ওয়ানডেতে নতুন ছন্দে খেলছেন, যেখানে টি-টোয়েন্টির ধাঁচের আক্রমণাত্মক ভঙ্গিও দেখা যাচ্ছে। ‘আজকের ইনিংসে কোহলি যেভাবে শট খেলেছে, একটাও বেপরোয়া নয়, শতভাগ নিয়ন্ত্রিত। অনেক দিন পর এমন মেজাজি কোহলিকে দেখলাম,- বলেন গাভাস্কার।

২০২৭ বিশ্বকাপ পর্যন্ত ভারত প্রায় ৩৫টি ওয়ানডে খেলবে বলে ধারণা করা হচ্ছে।

সে সময়ের মধ্যে কোহলির জন্য প্রয়োজন ধারাবাহিকতা ধরে রাখা। ২০২৫ সালে তিনি ইতিমধ্যে ১৩ ম্যাচে ৬৫১ রান করেছেন তিন শতকসহ।

ঘরোয়া বিজয় হাজারে ট্রফির মাধ্যমে আবারও মাঠে নামবেন কোহলি। এরপর নিউ জিল্যান্ডের বিপক্ষে তিন ওয়ানডের সিরিজেই তাকে দেখা যাবে আবার আন্তর্জাতিক মঞ্চে।

LEAVE A REPLY