সংগৃহীত ছবি
কুয়েতের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ আল ইউসেফকে হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার দায়ে তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। একই মামলায় আরও ৮ জনকে পাঁচ বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে।
সংবাদমাধ্যম গালফ নিউজের খবরে বলা হয়েছে, গত সোমবার বিচারক নাসের আল বদরের নেতৃত্বে কুয়েতের ফৌজদারি আদালতের রাষ্ট্রীয় নিরাপত্তা ও সন্ত্রাসবাদ দমন বিভাগ এই রায় ঘোষণা করে। আসামিদের বিরুদ্ধে ইরানের পাশাপাশি লেবাননের নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুল্লাহর সাথে যোগসাজশ, কুয়েতের বিরুদ্ধে শত্রুতামূলক কর্মকাণ্ড পরিচালনা এবং রাষ্ট্রের শীর্ষ কর্মকর্তা ও নেতাদের হত্যার পরিকল্পনার অভিযোগ আনে প্রসিকিউশন।
একই সঙ্গে নিষিদ্ধ সংগঠনে যোগদান এবং জাতীয় স্বার্থ ক্ষুণ্ন করার অভিযোগেও বিচারের মুখোমুখি হন তারা। প্রসিকিউশন আরও জানায়, আসামিরা এই হামলা চালাতে এবং জনমনে আতঙ্ক সৃষ্টি করতে বিস্ফোরক ব্যবহারের চেষ্টা করেছিল।
তদন্ত প্রতিবেদন অনুযায়ী, আসামিদের এই পরিকল্পনা বাস্তবায়নের সুবিধার্থে আলাদাভাবে ১১ নম্বর আসামির বিরুদ্ধে বিস্ফোরক সরবরাহের চেষ্টার অভিযোগ আনা হয়।








































