মোহাম্মদ সালাহ। ছবি : রয়টার্স
মোহাম্মদ সালাহকে আজ শনিবার ব্রাইটনের বিপক্ষে প্রিমিয়ার লিগ ম্যাচের জন্য লিভারপুলের স্কোয়াডে রাখা হয়েছে। শুক্রবার প্রধান কোচ আর্নে স্লটের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, একাধিক খেলোয়াড় ইনজুরিতে থাকায় দলের স্বার্থে সালাহকে দলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন স্লট।
তবে সালাহ–সংক্রান্ত জটিলতা এখনো পুরোপুরি কাটেনি।
প্রতিবেদনে বলা হয়েছে, আফ্রিকা কাপ অব নেশন্স চলাকালীন সময়ে লিভারপুল কর্তৃপক্ষ ও সালাহর এজেন্ট রামি আব্বাসের মধ্যে আলোচনা অব্যাহত থাকবে। সোমবার জাতীয় দলের দায়িত্ব পালনের জন্য মিশরের উদ্দেশে রওনা দেবেন সালাহ।
সম্প্রতি ক্লাবে নিজের ভূমিকা নিয়ে প্রকাশ্যে হতাশা জানান লিভারপুলের এই তারকা ফরোয়ার্ড। তিনি দাবি করেন, নিজেকে ‘থ্রোন্ড আন্ডার দ্য বাস’ বা অবহেলিত মনে হচ্ছে।
এর পরই ইন্টার মিলানের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচের স্কোয়াড থেকে বাদ পড়েন তিনি।
লিভারপুলের শেষ তিনটি প্রিমিয়ার লিগ ম্যাচের মধ্যে দুটিতেই সালাহ ছিলেন বেঞ্চে এবং মাঠে নামার সুযোগ পাননি। লিডস ইউনাইটেডের বিপক্ষে ৩-৩ ড্র ম্যাচের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড নিজের হতাশার কথা খোলাখুলি জানান।
সেই সাক্ষাৎকারে সালাহ আরো বলেন, “ব্রাইটনের বিপক্ষে ম্যাচটি অ্যানফিল্ডে তার ‘বিদায় জানানোর’ উপলক্ষ হতে পারে এবং সে কারণেই তিনি ম্যাচটি দেখতে তার মাকে আমন্ত্রণ জানিয়েছেন, যা গুঞ্জন আরো উসকে দেয়।
”
এদিকে ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে লিভারপুল কোচ আর্নে স্লট জানান, সালাহকে ধরে রাখার ব্যাপারে তার কোনো আপত্তি নেই। তিনি বলেন, ‘মোহাম্মদ সালাহকে না রাখার কোনো কারণ আমি দেখি না। আমি তার সঙ্গে কথা বলব। সেই আলোচনার ফলই ঠিক করবে শনিবার কী পরিস্থিতি হবে।’











































