রানাতুঙ্গার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন শ্রীলঙ্কার আদালত। ছবি : এক্স থেকে
দুর্নীতির অভিযোগে শ্রীলঙ্কার ওয়ানডে বিশ্বকাপজয়ী অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন দেশটির আদালত। শুধু তিনি নন, তার বড় ভাই ধাম্মিকা রানাতুঙ্গাকেও গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন আদালত।
বর্তমানে দেশের বাইরে থাকায় রানাতুঙ্গা ফিরলেই গ্রেপ্তার হবেন। তবে তার ভাই ধাম্মিকাকে গ্রেপ্তার করা হলেও পরে জামিনে মুক্তি পান তিনি।
ছাড়া পেলেও বিদেশ ভ্রমণ করতে পারবেন না রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান সিলন পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান। শ্রীলঙ্কার বাইরে মার্কিন যুক্তরাষ্ট্রেরও নাগরিক তিনি।
রানাতুঙ্গার বিরুদ্ধে অভিযোগ—২০১৭ থেকে ২০১৮ সাল পর্যন্ত পেট্রোলিয়াম মন্ত্রী থাকার সময় তেল বিক্রিতে দুর্নীতি করেন তিনি। ঘুষ ও দুর্নীতি কমিশনের কর্মকর্তা বলেছেন, ‘২০১৭ সালের চুক্তির হিসাব অনুযায়ী ২৭ লেনদেনে ৮০০ মিলিয়ন রুপি ক্ষতি হয়েছে।
’
১৯৯৬ সালে রানাতুঙ্গার নেতৃত্বে ওয়ানডেতে প্রথম ও একমাত্র বিশ্বকাপ জেতে শ্রীলঙ্কা। ৬২ বছর বয়সী সাবেক বাঁহাতি ব্যাটারের অধিনায়কত্বে সেই বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল শ্রীলঙ্কা। ব্যাট-প্যাড তুলে রাখার পর শ্রীলঙ্কার ফ্রিম পার্টির হয়ে রাজনীতিতে যোগ দেন তিনি। সেই দলের হয়েই পরে এমপি এবং মন্ত্রী হন তিনি।
রানাতুঙ্গার আরেক ভাই প্রসন্ন রানাতুঙ্গা গত মাসে বীমা জালিয়াতির কারণে গ্রেপ্তার হয়েছেন। তারও আগে ২০২২ সালে এক ব্যবসায়ীর কাছ থেকে জোর করে চাঁদা নেওয়ার অভিযোগ দোষী সাব্যস্ত হন তিনি। তার শাস্তি হিসেবে ২ বছর স্থগিত কারাদণ্ড পেয়েছেন সাবেক পর্যটন মন্ত্রী।









































