শিল্পা শেঠির রেস্তোরাঁ ও বাড়িতে আয়কর দপ্তরের তল্লাশি

সংগৃহীত ছবি

আইনি জটিলতা যেন পিছু ছাড়ছে না বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির। অভিনেত্রী ও তাঁর স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে প্রায় ৬০ কোটি রুপির প্রতারণার অভিযোগ ঘিরে নতুন করে নড়েচড়ে বসেছে প্রশাসন। 

সেই মামলার সূত্র ধরেই বৃহস্পতিবার শিল্পা শেঠির মুম্বাইয়ের বাড়িতে হানা দেয় আয়কর দপ্তর। দীর্ঘ সময় ধরে চলে তল্লাশি অভিযান।

এর একদিন আগেই, বুধবার তল্লাশি চালানো হয় শিল্পার মালিকানাধীন জনপ্রিয় রেস্তোরাঁ ‘ব্যাস্টিয়ান’-এ। 

জানা গেছে, সম্প্রতি অর্থনৈতিক অপরাধ দমন শাখা (EOW) শিল্পা ও রাজ কুন্দ্রার বিরুদ্ধে মামলা দায়ের করেছে। সেই মামলার পরিপ্রেক্ষিতেই রেস্তোরাঁ ও বাড়িতে একযোগে তল্লাশি শুরু হয়।

এই আইনি টানাপোড়েনের মাঝেই শিল্পা ঘোষণা করেছিলেন, মুম্বাইয়ে ‘ব্যাস্টিয়ান’-এর আরও একটি নতুন শাখা খুলতে চলেছেন তিনি।

শুক্রবার সকাল ১১টা থেকে সেই রেস্তোরাঁর পথচলা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু তার ঠিক আগের দিনই অভিনেত্রীর বাড়িতে আয়কর দপ্তরের তল্লাশি ঘিরে তৈরি হয় নতুন করে চাঞ্চল্য।

নতুন রেস্তোরাঁ উদ্বোধন উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় শিল্পা লিখেছিলেন, “অপেক্ষা সার্থক হবে। এই রেস্তোরাঁ আমি আমার সংস্কৃতির উৎসকে উৎসর্গ করছি।

এখানকার খাবার খেলে বাড়ির কথাই মনে পড়বে। ব্যাস্টিয়নের সবচেয়ে জনপ্রিয় খাবারগুলোও এখানে পাওয়া যাবে।”

একটি ভিডিও শেয়ার করে তিনি আরও লেখেন, “রেস্তোরাঁর দরজা খোলার জন্য আমরা প্রস্তুত। রান্নাঘরও তৈরি।” অনুরাগীদের আমন্ত্রণও জানিয়েছিলেন অভিনেত্রী।

উল্লেখ্য, সম্প্রতি বিতর্কে জড়িয়েছিল ‘ব্যাস্টিয়ান’-এর বেঙ্গালুরু শাখাও। নির্ধারিত সময়ের পরেও রেস্তোরাঁ খোলা রাখার অভিযোগ ওঠে। কর্নাটক সরকারের নিয়ম অনুযায়ী পাব ও রেস্তোরাঁ নির্দিষ্ট সময়ের মধ্যে বন্ধ করার বাধ্যবাধকতা থাকলেও সেই নিয়ম নাকি মানা হয়নি—এমন অভিযোগে জটিলতায় পড়ে কর্তৃপক্ষ।

সব মিলিয়ে, একদিকে নতুন রেস্তোরাঁর উদ্বোধন, অন্যদিকে একের পর এক আইনি ঝামেলা—শিল্পা শেঠির জীবনে এখন উত্তাল সময়ই চলছে।

LEAVE A REPLY