সংগৃহীত ছবি
ব্যক্তিগত জীবনে বড় ধাক্কা খেয়েছেন বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডে। প্রায় দুই বছরের সম্পর্কের ইতি টেনে আদিত্য রায় কাপুরের সঙ্গে বিচ্ছেদ হয়েছে তাঁর। যদিও শোনা যাচ্ছে, বর্তমানে ওয়াকার ব্লাঙ্কো নামে এক ব্যক্তির সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা বাড়ছে। তবে এই সম্পর্ক নিয়ে এখনও প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি অনন্যা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রেম ও সম্পর্ক নিয়ে নিজের ভাবনার কথা খোলাখুলি জানিয়েছেন অভিনেত্রী।
অনন্যার কথায়, প্রেমের ক্ষেত্রে তিনি একেবারেই “ওল্ড স্কুল”। ৯০-এর দশকের মতো ধীরে গড়ে ওঠা, গভীর অনুভূতির প্রেমেই বিশ্বাসী তিনি। আজকের প্রজন্মের দ্রুত প্রেমে পড়া আর দ্রুত সম্পর্ক ভাঙার প্রবণতার সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারেন না অনন্যা।
অভিনেত্রী জানান, পরিবার তাঁর জীবনের সবচেয়ে বড় অগ্রাধিকার। তাই সম্পর্কেও তিনি চান পারিবারিক বন্ধন।
সাক্ষাৎকারে অনন্যা বলেন, “আমি পরিবার ভালোবাসি। আমি চাই, আমার সঙ্গীর পরিবার যেন আমার পরিবার হয়ে ওঠে।
একসঙ্গে থাকতে, সময় কাটাতে আমার ভালো লাগে। ২০২৫ সালের ‘হুকআপ কালচার’-এ আমি বিশ্বাসী নই।”
এর আগেও একাধিকবার নিজের আবেগপ্রবণ স্বভাবের কথা জানিয়েছেন অনন্যা। সামান্য কথাতেই চোখে জল চলে আসে তাঁর। তাই প্রেমিকের কাছে তাঁর চাওয়াটাও খুব সাধারণ—একটা নির্ভরযোগ্য কাঁধ।
অভিনেত্রীর কথায়, “আমার সমস্যা সমাধানের দরকার নেই। আমি চাই, সঙ্গী আমার কথা মন দিয়ে শুনুক। অনেকেই ভাবেন, সমস্যার কথা বললেই সমাধান দিতে হবে। কিন্তু আসলে আমি শুধু হালকা হতে চাই। একটা শক্ত কাঁধে মাথা রাখাই আমার কাছে সবচেয়ে জরুরি।”
এদিকে কাজের দিক থেকেও ব্যস্ত সময় কাটছে অনন্যার। আগামী ২৫ ডিসেম্বর মুক্তি পাচ্ছে তাঁর নতুন ছবি ‘তু মেরা ম্যায় তেরা ম্যায় তেরা তু মেরি’। ছবিতে তাঁর বিপরীতে রয়েছেন কার্তিক আরিয়ান।
উল্লেখ্য, একসময় কার্তিকের সঙ্গেও অনন্যার প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল, যা সেই সময় যথেষ্ট আলোচনার জন্ম দিয়েছিল।










































