বিয়ে করবেন তাই আইপিএলে খেলতে চান না ইংলিস, হতাশ মালিকপক্ষ

সংগৃহীত ছবি

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মিনি নিলাম থেকে চড়া দামে অস্ট্রেলিয়ান উইকেটকিপার-ব্যাটার জশ ইংলিসকে দলে ভিড়িয়েছিল লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। তবে মৌসুম শুরুর আগেই জানা গেল, পুরো আসরে এই ক্রিকেটারকে পাচ্ছে না দলটি। বিয়ের কারণে আইপিএলের এবারের আসরের বেশির ভাগ ম্যাচই খেলতে পারবেন না ইংলিস। 

আগামী এপ্রিলের শুরুতে বিয়ে করবেন ইংলিস।

সে কারণেই আইপিএলের সব ম্যাচে তার অংশগ্রহণ সম্ভব নয়। জানা গেছে, পুরো মৌসুমে লক্ষ্ণৌ মাত্র তিন ম্যাচে এই অজি উইকেটকিপার-ব্যাটারের সার্ভিস পাবে।

গত ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত মিনি নিলাম থেকে ৮ কোটি ৬০ লাখ রুপিতে ইংলিসকে দলে নেয় লক্ষ্ণৌ। দলের পরিকল্পনায় আগে থেকেই ছিলেন তিনি।

নিলামের সময় পুরো মৌসুম খেলতে পারবেন বলেই জানিয়েছিলেন ইংলিস। তবে শেষ মুহূর্তে এসে বিয়ের বিষয়টি জানানোয় নতুন করে তৈরি হয়েছে জটিলতা।

অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম এবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ইংলিস বলেন, ‘এ মৌসুমে পুরো সময় আমি খেলতে পারব না। এপ্রিলের শুরুতে আমার বিয়ে।

সত্যি বলতে আমি তখন আইপিএলে যেতে চাই না। প্রথমবার যখন আমি অবিক্রিত ছিলাম, তখন ভাবলাম ঠিক আছে, ঘুমাতে যাই এবং পরের দিনের (অ্যাশেজ) প্রস্তুতি নেই। কিন্তু ঘুম থেকে উঠে দেখি আমি দল পেয়েছি। সকালে মেসেজ দেখার আগে কিছুই জানতাম না।’

পরিকল্পনায় হঠাৎ পরিবর্তনের কারণে ইংলিসের ওপর বিরক্তি প্রকাশ করেছেন লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের সহ–প্রতিষ্ঠাতা নেস ভাদিয়া।

এই অজি ক্রিকেটারের আচরণকে অপেশাদার বলেই মনে করছেন তিনি। ভাদিয়া বলেন, ‘সে আমাদের আগেই জানাতে পারত। ডেডলাইন সম্পর্কে সবাই জানে। ৪৫ মিনিট আগে এসে বলা যায় না—আমি আসতে পারব না। এটাকে আমি পেশাদার আচরণ মনে করি না।’

তবে সমালোচনার পাশাপাশি ইংলিসের জন্য শুভকামনাও জানিয়েছেন ভাদিয়া। তিনি বলেন, ‘আমি তার জন্য শুভকামনা জানাই। সে ভালো ক্রিকেটার এবং ভালো মানুষ। অস্ট্রেলিয়ার হয়ে সে ভালো করবে বলেই আমার বিশ্বাস। আইপিএলে সে খেলতে পারে কি না, সেটাই এখন দেখার বিষয়। তবে তার আচরণ পেশাদার ছিল না, এ কথা বলতেই হবে।’ 

LEAVE A REPLY