‘সান্তোসে থাকব নাকি খেলা ছেড়ে দেব জানি না

নিজের ভবিষ্যৎ জানেন না নেইমার। ছবি : রয়টার্স

বিশ্বকাপকে ‘না’ করেছেন নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপই তার ক্যারিয়ারে শেষ ছিল বলে জানান ব্রাজিলিয়ান তারকা।ফিফার টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়া স্ট্রাইকারের ক্যারিয়ারও এখন গোধূলিলগ্নে।

বয়সটা তো আর কম হলো না। ৩৪ বসন্তে আছেন নেইমার। তাই বাতাসে গুঞ্জন চলছে সামনে কি ক্যারিয়ারেরই ইতি টানবেন তিনি।ভবিষ্যৎ নিয়ে জানতে চাইলে নেইমার স্পষ্ট করে কিছুই বলেননি, কিছুটা ধোঁয়াশা রেখে দিয়েছেন।

সোমবার নিজের দাতব্য সংস্থা ‘ইনস্টিটিউট নেইমার জুনিয়রের’ ষষ্ঠ বার্ষিক নিলামে উপস্থিত ছিলেন নেইমার। সেখানেই ক্যারিয়ার নিয়ে জানতে চাওয়া হলে সাবেক বার্সেলোনা স্ট্রাইকার বলেছেন, ‘জানি না কত দিন খেলা চালিয়ে যাব। এখনই থামার কথা ভাবছি না, তবে কত দিন পারব সেটাও নিশ্চিত নই।সান্তোসের সঙ্গে ডিসেম্বর পর্যন্ত চুক্তি আছে। সম্মানের সঙ্গে শেষটা করতে চাই। এরপর ভেবে দেখব, সান্তোসে থাকব নাকি ছেড়ে অন্য কোথাও যাব কিংবা খেলা ছেড়ে দেব কি না। সত্যি বলতে এখনো জানি না কী করব, ডিসেম্বর আসতে অনেক দেরি।’

নিজের দাতব্য প্রতিষ্ঠান নিয়ে নেইমার বলেছেন, ‘আমি যা ভালোবাসি, তা মন থেকেই করি।ইনস্টিটিউটটি গড়ে তোলাই আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় গোল।’

আগামীকাল রেমোর বিপক্ষে দ্বিতীয় লেগের ম্যাচে মুখোমুখি হবে সান্তোস। কোপা দো ব্রাজিলের ম্যাচটি নিয়ে নেইমার বলেছেন, ‘শারীরিকভাবে বেশ ভালো অনুভব করছি। ধীরে ধীরে নিজের সেরাটা ফিরে পাচ্ছি। আগামীকালের ম্যাচটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

LEAVE A REPLY