ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি পেয়েছেন মিচেল। ছবি : ক্রিকইনফো
ক্রাইস্টচার্চে রান তাড়া করতে নেমে ওপেনার জন ক্যাম্পবেল ছাড়া ওয়েস্ট ইন্ডিজের বাকি সব ব্যাটারই দুই অঙ্কের ঘর স্পর্শ করেছে। এমনকি মিস্টার এক্সট্রাও। কিন্তু এর পরেও হাসিমুখে মাঠ ছাড়া হলো না ক্যারিবিয়ানদের। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে ৭ রানের হার দেখতে হয়েছে তাদের।
২৭০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ১০ রানে কাইল জেমিসনের বলে উইকেটরক্ষক টম লাথামের হাতে ক্যাচ দেন ক্যাম্পবেল (৪)। দ্বিতীয় উইকেটে কেসি কার্টির (৩২) সঙ্গে ৬০ রানের জুটি গড়ে ম্যাচের হাল ধরেন আরেক ওপেনার অ্যালিক আথানাজে (২৯)। তবে জুটিটা গড়েন খুবই ধীরগতির, ১০৮ বলে।
তাতে রানরেট যায় বেড়ে।শেষ দিকে তাই ২৯ বলে অপরাজিত ৫৩ রানের জুটি গড়েও ক্যারিবিয়ানদের ম্যাচ জেতাতে পারেননি জাস্টিন গ্রেভস (৩৮) ও রোমারিও শেফার্ড (২৬)। মাঝে সর্বোচ্চ ৫৫ রানের ইনিংস খেলেছেন শেরফান রাদারফোর্ড। কিউইরা অতিরিক্ত রান দিয়েছে ২৫। নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন জেমিসন।
এর আগে টস হেরে ড্যারিল মিচেলের সেঞ্চুরিতে ৭ উইকেটে ২৬৯ রানের সংগ্রহ পায় নিউজিল্যান্ড। ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরির ইনিংসটি খেলেছেন ১১৯ রানের। ১১৮ বলের ইনিংসটি সাজিয়েছেন ২ ছক্কা ও ১২ চারে। কিউইদের হয়ে ৭ চার ও ১ ছক্কায় দ্বিতীয় সর্বোচ্চ ৪৯ রানের ইনিংস খেলেছেন ওপেনার ডেভন কনওয়ে। ক্যারিবিয়ানদের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন জেডন সিলস।










































