সংগৃহীত ছবি
কোপা দেল রেতে কঠিন পরীক্ষায় উতরে কোয়ার্টার ফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। দ্বিতীয় স্তরের দল রেসিং সান্তান্দারের মাঠে গোলশূন্য প্রথমার্ধ কাটিয়ে শেষ পর্যন্ত ফেরান তোরেস ও লামিনে ইয়ামালের গোলে জয় নিশ্চিত করে হান্সি ফ্লিকের দল। এই জয় নিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১১ জয় পেল বার্সা।
ম্যাচের বড় অংশজুড়ে বলের দখল ছিল বার্সেলোনার।
তবে সান্তান্দারের জমাট রক্ষণ ভাঙতে হিমশিম খেতে হয় কাতালানদের। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামা ফার্মিন লোপেজের চোখধাঁধানো থ্রু-পাসে গোলের সুযোগ পান ফেরান তোরেস। অধিনায়কের দায়িত্বে থাকা তোরেস প্রতিপক্ষ গোলরক্ষক জোকিন একিয়েতাকে পরাস্ত করে জালের ঠিকানা খুঁজে নেন।
যোগ করা সময়ে জয় নিশ্চিত করেন লামিনে ইয়ামাল।
রাফিনিয়ার ডান প্রান্তের ক্রস থেকে বল জালে পাঠান এই তরুণ ফরোয়ার্ড।
স্পেনের দ্বিতীয় বিভাগের শীর্ষে থাকা সান্তান্দার আগামী মৌসুমে লা লিগায় ফেরার লক্ষ্য নিয়ে লড়ছে। তবে এদিন বার্সেলোনার অভিজ্ঞতা ও ধৈর্যের কাছে হার মানতে হয় তাদের।











































