মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। ছবি : রয়টার্স
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ চিকিৎসকদের কাছ থেকে ছাড়পত্র পাওয়ার পরও ফিজিওথেরাপি চালিয়ে যাবেন। তার সহকারী সুফি ইউসুফ মঙ্গলবার (২০ জানুয়ারি) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।
বিবৃতিতে বলা হয়, গত ৬ জানুয়ারি থেকে কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে (আইজেএন) ভর্তি থাকার ১৪ দিন পর চিকিৎসক ও বিশেষজ্ঞদের দল মাহাথির মোহাম্মদের সুস্থতার অগ্রগতি ও চলমান চিকিৎসায় সন্তোষ প্রকাশ করেছেন। তবে ফিজিওথেরাপির মাধ্যমে পুরোপুরি সুস্থ হতে আরো দীর্ঘ সময় লাগতে পারে বলে জানিয়েছেন তারা।
গত ৬ জানুয়ারি নিজ বাসভবন দ্য মাইনসে পড়ে গিয়ে মাহাথির মোহাম্মদের নিতম্বের ডান দিকের হাড় ভেঙে যায়। এরপর তাকে আইজেএনে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে অস্ত্রোপচার ছাড়াই ফিজিওথেরাপি চিকিৎসা নিচ্ছেন।
সুফি ইউসুফ আরো জানান, মাহাথির মোহাম্মদ ও তার পরিবার তার স্বাস্থ্যের খোঁজখবর নেওয়া এবং দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করা সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
একই সঙ্গে চিকিৎসকদের পরামর্শে আপাতত কেবল নিকটতম পরিবারের সদস্যদের সাক্ষাতের অনুমতি দেওয়া হচ্ছে উল্লেখ করে পরিবারের পক্ষ থেকে শুভাকাঙ্ক্ষীদের প্রতি দুঃখ প্রকাশ করা হয়েছে।









































