সংগৃহীত ছবি
গত এক বছর ধরে বলিউডে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন ‘দাবাং’ ছবির পরিচালক অভিনব কাশ্যপ। একাধিক সাক্ষাৎকার ও সামাজিক মাধ্যমে তিনি ধারাবাহিকভাবে অভিনেতা সালমান খান ও তার পরিবারের বিরুদ্ধে তীব্র অভিযোগ তুলে এসেছেন। অভিনব কাশ্যপ সম্পর্কে খ্যাতনামা নির্মাতা অনুরাগ কাশ্যপের ভাই হলেও, বলিউডে তার অবস্থান ভাইয়ের মতো মজবুত হয়নি—এমন অভিযোগের ব্যাখ্যা দিতেই বারবার সালমান খান ও তার পরিবারকে কাঠগড়ায় তুলেছেন তিনি।
তবে এবার সেই বিষোদগারে লাগাম টানলেন আদালত।
সালমান খান ও তার পরিবারের মানহানির অভিযোগে অভিনব কাশ্যপকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত, পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের মন্তব্য থেকে বিরত থাকারও কড়া নির্দেশ দেওয়া হয়েছে।
অভিনব কাশ্যপের দাবি ছিল, পরিকল্পিতভাবে তাকে ‘দাবাং ২’ ছবির পরিচালকের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। তার অভিযোগ, সালমান খান ও তার পরিবার তার ক্যারিয়ার ধ্বংস করেছে।
একাধিক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, খান পরিবার প্রতিহিংসাপরায়ণ এবং তাদের কথামতো না চললে বলিউডে টিকে থাকা অসম্ভব।
এই অভিযোগের পাশাপাশি অভিনব কাশ্যপ বিভিন্ন সময়ে সালমান খানকে নিয়ে আপত্তিকর ও অবমাননাকর ভাষা ব্যবহার করেন। কখনো তাকে ‘লুম্পেন’, কখনো আবার ‘ক্রিমিনাল’ বলেও কটাক্ষ করেন তিনি। এমনকি সালমান খান বলিউডে নিজের প্রভাব খাটিয়ে গোটা ইন্ডাস্ট্রিকে নিয়ন্ত্রণ করেন—এমন দাবিও করেন পরিচালক।
এই প্রেক্ষিতেই সালমান খান সম্প্রতি অভিনব কাশ্যপ, কয়েকজন সাংবাদিক, অজ্ঞাত ব্যক্তি (জন ডো) এবং একাধিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন।
সালমানের আইনজীবী প্রদীপ গান্ধী আদালতে যুক্তি দেন, বাকস্বাধীনতার নামে কোনো ব্যক্তি বা পরিবারের বিরুদ্ধে লাগাতার কুরুচিকর ও হুমকিমূলক মন্তব্য করা আইনসিদ্ধ নয়।
আদালত সেই যুক্তি গ্রহণ করে অভিনব কাশ্যপকে এ ধরনের মন্তব্য থেকে বিরত থাকার নির্দেশ দেন। পাশাপাশি সালমান খান ও তার পরিবারের সম্মানহানির জন্য ৯ কোটি রুপির ক্ষতিপূরণ মেটানোর নির্দেশও দেওয়া হয়েছে বলে জানা গেছে।
বলিউড মহলের মতে, এই রায় তারকাদের বিরুদ্ধে লাগাতার ব্যক্তিগত আক্রমণ ও দায়িত্বজ্ঞানহীন মন্তব্যের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ নজির হয়ে থাকল।
সূত্র: হিন্দুস্তান টাইমস











































