বিশ্বকাপের আগে চোটে পড়লেন মেসি

ফাইল ছবি : রয়টার্স

লিওনেল মেসির জাদুকরী পারফরম্যান্সে গেল মৌসুমে ইতিহাসে প্রথমবার মেজর লিগ সকার (এমএলএস) শিরোপা জিতেছিল ইন্টার মায়ামি। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে নতুন মৌসুমে বড় প্রত্যাশা নিয়ে মাঠে নামার কথা দলটির। তবে মৌসুম শুরুর আগেই চোটে পড়েছেন লিওনেল মেসি। 

এক বিবৃতিতে হ্যামস্ট্রিং ইনজুরির বিষয়টি নিশ্চিত করেছে ইন্টার মায়ামি।

ক্লাবটি জানিয়েছে, মেসির হ্যামস্ট্রিংয়ের পেশিতে টান লেগেছে এবং তিনি কবে নাগাদ অনুশীলন ও ম্যাচে ফিরবেন, তা নির্ভর করবে চোট কত দ্রুত সেরে ওঠে তার ওপর। আরও কিছু মেডিক্যাল পরীক্ষার পরই ইনজুরির মাত্রা সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

মেসির চোটের কারণে স্থগিত করা হয়েছে মায়ামির প্রাক-মৌসুম প্রস্তুতির শেষ ম্যাচ। ১৩ ফেব্রুয়ারি পুয়ের্তো রিকোয় ক্লাব ইন্ডিপেনদিয়েন্তে দেল ভালোর বিপক্ষে ম্যাচ খেলার কথা ছিল মায়ামির।সেটি এখন ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।

ম্যাচ বাতিলের ঘটনায় এক ভিডিও বার্তায় মেসি বলেন, ‘পুয়ের্তো রিকোর সেই মানুষদের কাছে আমি দুঃখ প্রকাশ করছি, যারা আমাদের অনুশীলন সেশন ও ম্যাচ দেখতে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। ইকুয়েডরে আমাদের সর্বশেষ ম্যাচে আমার মাংসপেশিতে টান লাগে। সে কারণে আমাকে আগেভাগেই মাঠ ছাড়তে হয়।

ক্লাব ও আয়োজকদের সঙ্গে আলোচনা করেই ম্যাচটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আশা করি ভবিষ্যতে আবার সেখানে খেলতে পারব।’

আগামী ২১ ফেব্রুয়ারি এমএলএসের নতুন মৌসুমের প্রথম ম্যাচে লস অ্যাঞ্জেলস এফসির বিপক্ষে মাঠে নামার কথা হাভিয়ের মাশ্চেরানোর শিষ্যদের। তবে ওই ম্যাচে মেসির খেলা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়ে গেছে।

যুক্তরাষ্ট্রে পাড়ি দেওয়ার পর থেকেই ইন্টার মায়ামির সাফল্যের অন্যতম কারিগর মেসি।

২০২৪ সালে ক্লাবটিকে প্রথম ট্রফি হিসেবে লিগস কাপ জেতান তিনি। একই মৌসুমে ব্যক্তিগতভাবে হন সেরা খেলোয়াড়। এরপর ২০২৪ সালে সাপোর্টার্স শিল্ড এবং ২০২৫ সালে মায়ামির ইতিহাসে প্রথম এমএলএস কাপ জয়ে নেতৃত্ব দেন এই আর্জেন্টাইন মহাতারকা।

সর্বশেষ মৌসুমে মেসি ছিলেন দলের সেরা গোলদাতা। জিতেছেন গোল্ডেন বুটের পাশাপাশি সবচেয়ে মূল্যবান খেলোয়াড়ের (এমভিপি) পুরস্কারও। এমন সময়ে তার চোটে পড়া নিঃসন্দেহে নতুন মৌসুম শুরুর আগে ইন্টার মায়ামির জন্য বড় ধাক্কা।

LEAVE A REPLY