কেকেআরের সহকারী কোচ ওয়াটসন

কলকাতা নাইট রাইডার্সের সহকারী কোচ হলেন শেন ওয়াটসন।

অস্ট্রেলিয়ার সাবেক তারকা অলরাউন্ডার শেন ওয়াটসনকে আইপিএল ২০২৬ মৌসুমের আগে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) সহকারী কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। নতুন দায়িত্বে তিনি কাজ করবেন প্রধান কোচ অভিষেক নায়ার ও মেন্টর ডোয়াইন ব্রাভোর সঙ্গে।

ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদনে জানা গেছে, ওয়াটসন ও নিউজিল্যান্ডের সাবেক পেসার টিম সাউদি কেকেআরের কোচিং সেটআপে নতুন সংযোজন। ২০২৫ আইপিএলে সপ্তম স্থানে থেকে মৌসুম শেষ করার পর ফ্র্যাঞ্চাইজিটি তাদের কোচিং দল পুনর্গঠন করেছে।

গত কয়েক মাস ধরে সাউদি ইংল্যান্ড দলে পরামর্শক হিসেবে কাজ করার পাশাপাশি বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টেও খেলেছেন।

ওয়াটসন কেকেআরের বিবৃতিতে বলেছেন, ‘কলকাতা নাইট রাইডার্সের মতো প্রতীকী একটি ফ্র্যাঞ্চাইজির অংশ হতে পারা আমার জন্য বিশাল সম্মানের। কেকেআর সমর্থকদের আবেগ ও দলের সাফল্যের প্রতি প্রতিশ্রুতি সবসময়ই আমাকে মুগ্ধ করেছে। আমি কোচিং স্টাফ ও খেলোয়াড়দের সঙ্গে একযোগে কাজ করে কলকাতায় আরেকটি শিরোপা এনে দিতে চাই।

এটি ওয়াটসনের দ্বিতীয় আইপিএল কোচিং দায়িত্ব। এর আগে তিনি ২০২২ ও ২০২৩ সালে দিল্লি ক্যাপিটালসের সহকারী কোচ হিসেবে কাজ করেছেন রিকি পন্টিংয়ের অধীনে। 

LEAVE A REPLY