সংগৃহীত ছবি
জনপ্রিয় বলিউড অভিনেতা জন আব্রাহাম জানিয়েছেন, বলিউডে কাজ করার ক্ষেত্রে তিনি নারী অভিনেত্রীদের চেয়ে পুরুষ সহ-অভিনেতাদের সঙ্গেই বেশি স্বচ্ছন্দ। তার মতে, পর্দায় পুরুষ তারকাদের সঙ্গে তার যে রসায়ন তৈরি হয়, তা দর্শকদের নজর কাড়ে। মজার ছলে তিনি মনে করিয়ে দেন যে ‘দোস্তানা’ সিনেমায় তিনি অভিষেক বচ্চনকে চুম্বনও করেছিলেন এবং সেই অভিজ্ঞতা তার বেশ ভালো ছিল।
অক্ষয় কুমার, শাহরুখ খান কিংবা বরুণ ধাওয়ানের মতো তারকাদের তিনি কখনো প্রতিদ্বন্দ্বী ভাবেননি।
জনের মতে, তারা সবাই সতীর্থ। একে অপরের ছবির ব্যাবসায়িক সাফল্য নিয়ে হিংসা না করে একসঙ্গে এগিয়ে যাওয়াতেই তিনি বিশ্বাসী।
২০০৩ সালে যখন জন বলিউডে আসেন, তখন শাহরুখ খান ও অক্ষয় কুমার ছাড়া তেমন কোনো প্রভাবশালী আউটসাইডার বা বহিরাগত ছিল না। জন মনে করেন, ইন্ডাস্ট্রি তাকে বরাবর আলাদা করে রেখেছে এবং তিনি প্রচুর সমালোচনার শিকার হয়েছেন।তার দাবি, আমার মতো এত সমালোচনা আর কেউ সহ্য করেনি।
এত সমালোচনা সত্ত্বেও জন দমে যাননি। তিনি নিজেকে চোখে ঠুলি পরা ঘোড়ার সাথে তুলনা করেছেন, যিনি ডানে-বাঁয়ে না তাকিয়ে শুধু নিজের লক্ষ্যে এগিয়ে গেছেন। কোনো পিআর বা লবিং ছাড়াই নিজের সততা দিয়ে তিনি দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন।
সূত্র : আনন্দবাজার










































