আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে ‘এবিজি মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর ট্রফি ও জার্সি উন্মোচন অনুষ্ঠান। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এবিজি স্পোর্টস সিটির জুলকান ইনডোরে চলছে আয়োজনের শেষ সময়ের প্রস্তুতি।শুরু হচ্ছে কিছুক্ষণের মধ্যেই। বর্ণাঢ্য এই অনুষ্ঠানের মূল আকর্ষণের মধ্যে রয়েছে ট্রফি ও জার্সি উন্মোচন, ফ্যাশন শো এবং টুর্নামেন্টের বিশাল প্রাইজমানি ঘোষণা। কিছুক্ষণ পরেই আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হবে টুর্নামেন্টের ট্রফি ও জার্সি। সেই সঙ্গে প্রকাশ করা হবে দলগুলোর জন্য রাখা প্রাইজমানির বিস্তারিত তথ্য।বর্ণিল এই আয়োজনে থাকছেন দেশবরেণ্য তারকারাও।
উদ্বোধনী মঞ্চ মাতাতে এবং মাঠের চারপাশে আলো ছড়াতে উপস্থিত হচ্ছেন দেশের বিনোদন জগতের একঝাঁক শীর্ষ তারকা। তাদের মধ্যে অন্যতম আকর্ষণ হিসেবে হাজির হচ্ছেন ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের হাবু ভাইখ্যাত জনপ্রিয় অভিনেতা চাষী আলম। রূপালি পর্দার চিত্রনায়কদের মধ্যে উপস্থিত থাকছেন নিরব, রোশান এবং আরেফিন জিলানী।
আয়োজনে গ্ল্যামার ছড়িয়ে মঞ্চ উজ্জ্বল করছেন চিত্রনায়িকা ববি। ছোট পর্দার জনপ্রিয় মুখ অভিনেতা ইরফান সাজ্জাদ এবং মুসাফির সাঈদ বাচ্চু যোগ দিচ্ছেন এই আয়োজনে। সংগীত জগত থেকে সুরের জাদু নিয়ে আসছেন জনপ্রিয় সংগীতশিল্পী ঐশী। এ ছাড়া তারার মিছিলে আরো থাকছেন অভিনেত্রী তাসনুভা তিশা, সামান্তা পারভেজ, অনিন্দিতা মিমি, আনিকা বিনতে কামাল, নাঈমা আলম মাহা, মাফতুহা জান্নাত জিম এবং জনপ্রিয় উপস্থাপক রাফসান সাবাব।
চায়ের দোকান থেকে শুরু করে শহরের প্রতিটি অলি-গলিতে জামাল ভূঁইয়া, মেসি, নেইমার কিংবা রোনালদোদের গল্প যারা তুলে ধরেন, এবার তারাই খবরের মূল শিরোনাম হতে যাচ্ছেন।প্রতিদিনের সংবাদ কাভার করার কোলাহল ও কাজের ব্যস্ততার ভিড়ে গণমাধ্যমকর্মীদের কিছুটা মানসিক প্রশান্তি দিতেই শুরু হচ্ছে এবিজি মিডিয়া কাপ ফুটবল ২০২৬। আজকের এই বিশেষ উন্মোচনী অনুষ্ঠানে অংশ নিচ্ছেন প্রতিটি মিডিয়া প্রতিষ্ঠানের সম্পাদক, সিনিয়র সাংবাদিক এবং ক্রীড়া সম্পাদকরা। টুর্নামেন্টে অংশগ্রহণকারী সব দলের ক্যাপ্টেনদের জন্য আয়োজন করা হয়েছে দুপুরের বিশেষ মধ্যাহ্নভোজ।
শুধু তারকাদের ঝলকানি কিংবা সাংস্কৃতিক আনন্দই নয়, খেলায় অংশগ্রহণকারী দলগুলোর জন্য রয়েছে বিশাল প্রাইজমানির সুসংবাদ। টুর্নামেন্টের ১ম পর্ব থেকে শুরু করে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ পর্যন্ত চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলগুলোর জন্য রাখা হয়েছে বিশাল অঙ্কের পুরস্কার। একই সঙ্গে প্রচারমাধ্যমের ডিজিটাল কর্মীদের জন্য রয়েছে বিশেষ আকর্ষণ। পুরো টুর্নামেন্টজুড়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব এবং টিকটকে প্রকাশিত কনটেন্টের মধ্যে যার ভিউ সবচেয়ে বেশি হবে, তার জন্য রয়েছে ৩ লাখ টাকার বিশেষ পুরস্কার।
দেশের স্বনামধন্য ৪৮টি গণমাধ্যম প্রতিষ্ঠানের প্রত্যক্ষ অংশগ্রহণে আগামী ১ ডিসেম্বর এবিজি স্পোর্টস সিটিতে গড়াচ্ছে ফুটবল টুর্নামেন্টের মূল প্রতিযোগিতা। সবুজ মাঠের এই ফুটবল লড়াই ও গ্যালারির উন্মাদনা চলবে আগামী ১৭ ডিসেম্বর পর্যন্ত। উদ্বোধনী মঞ্চের এই আলো ঝলমলে মহূর্ত আর মাঠের ফুটবল যুদ্ধের সাক্ষী হতে দর্শকরা এখন পুরোপুরি প্রস্তুত।










































