ক্রিস্তিয়ানো রোনালদো। ছবি : রয়টার্স
ক্রিস্তিয়ানো রোনালদো ইতিহাসের পথে এগিয়ে চলছেন আপন গতিতে। আল নাসরের হয়ে সর্বশেষ ম্যাচে জোড়া গোল করে তিনি পৌঁছে গেছেন এক অনন্য উচ্চতায়।
এই ম্যাচে দুটি গোল করে রোনালদো তার ক্যারিয়ারের মোট গোলসংখ্যা দাঁড় করিয়েছেন ৯৬৭-তে (ক্লাব ও জাতীয় দল মিলিয়ে)। ফলে ঐতিহাসিক ১০০০ গোলের মাইলফলক থেকে তিনি এখন মাত্র ৩৩ গোল দূরে।
সৌদি প্রো লিগে রোনালদোর পারফরম্যান্সও দারুণ। ১০০ ম্যাচে তিনি করেছেন ৯৭ গোল। অর্থাৎ, এই লিগে ১০০ গোলের মাইলফলক ছুঁতেও আর বেশি দূরে নন তিনি।
২০২৩ সালের ২২ জানুয়ারি আল ইত্তেফাকের বিপক্ষে ম্যাচ দিয়ে আল নাসরের হয়ে লিগ অভিষেক হয় রোনালদোর।
এরপর ৩ ফেব্রুয়ারি আল ফাতেহর বিপক্ষে ম্যাচে আসে তার প্রথম লিগ গোল।
২০২৪ সালের ২২ আগস্ট আল রায়েদের বিপক্ষে ম্যাচে নিজের ৫০তম ম্যাচেই করেন ৫০তম গোল। আর সর্বশেষ ৩ এপ্রিল ২০২৬-এ আল নাজমাহর বিপক্ষে ম্যাচটি ছিল তার ১০০তম লিগ ম্যাচ।
সর্বশেষ এই জোড়া গোল শুধু দলকে জয়ই এনে দেয়নি, বরং রোনালদোকে আরো কাছে নিয়ে গেছে দুটি বড় মাইলফলকের—সৌদি প্রো লিগে ১০০ গোল এবং ক্যারিয়ারে ঐতিহাসিক ১০০০ গোল।










































