লেবাননের দক্ষিণাঞ্চল ও রাজধানী বৈরুতে ইসরায়েলের ধারাবাহিক বিমান হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। সিরিয়ার সঙ্গে প্রধান সীমান্ত ক্রসিংয়ে হামলার হুমকি দেওয়ার এক দিন পরই এ হামলা চালাল তেল আবিব।
আলজাজিরা তথ্য অনুযায়ী, ৫ এপ্রিল বৈরুতের দক্ষিণ উপশহরে ইসরায়েলি হামলায় অন্তত ৪ জন নিহত হন। একই দিনে দক্ষিণ লেবাননে হামলায় আরো ১০ জন নিহত হন, যাদের মধ্যে একটি পরিবারের ৬ জন সদস্যও রয়েছেন।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বৈরুতের জনাহ এলাকায় এক হামলায় আরো ৩৯ জন আহত হয়েছেন। এই হামলাটি দেশের বৃহত্তম সরকারি হাসপাতাল রফিক হারিরি বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে প্রায় ১০০ মিটার দূরে আঘাত হানে।
এর আগে হিজবুল্লাহ দাবি করেছে, তারা লেবাননের উপকূল থেকে প্রায় ১২৬ কিলোমিটার দূরে একটি ইসরায়েলি যুদ্ধজাহাজ লক্ষ্য করে ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তবে এ বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
আর এই দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
উল্লেখ্য, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের জবাবে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি ইসরায়েলে রকেট হামলা চালাচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে ২ মার্চ থেকে ইসরায়েল লেবাননজুড়ে বিমান হামলা চালিয়ে আসছে। ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননে স্থল অভিযানও পরিচালনা করেছে।
যদিও হিজবুল্লাহর বিরুদ্ধে বেশির ভাগ ইসরায়েলি হামলা বিমান ও ড্রোনের মাধ্যমে চালানো হয়েছে। তবে কিছু হামলা সমুদ্রপথেও চালাচ্ছে দখলদার দেশটি।











































