ছবি : রয়টার্স
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষ গ্রহণ, বিশ্বাস ভঙ্গ এবং অবৈধভাবে প্রভাব খাটানোর অভিযোগে চলমান বিচারপ্রক্রিয়া নতুন করে আলোচনায় এসেছে।
মামলার একটি গুরুত্বপূর্ণ অভিযোগে বলা হয়েছে, নেতানিয়াহু নিজের পক্ষে ইতিবাচক প্রচার পেতে একটি সংবাদমাধ্যমে অবৈধ প্রভাব ব্যবহার করেছিলেন। এর সঙ্গে নিয়ন্ত্রক নীতিতে পরিবর্তনের বিষয়ও জড়িত ছিল।যদিও নেতানিয়াহু শুরু থেকেই সব অভিযোগ অস্বীকার করে আসছেন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানায়, এর মধ্যে বিচারপ্রক্রিয়া নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে, ২০২৩ সাল থেকে চলমান সংঘাতকে কাজে লাগিয়ে মামলাটি দীর্ঘায়িত করা হচ্ছে। আদালতে শুনানির সময় প্রায়ই দেখা যায়, নেতানিয়াহু আদালতে হাজির থাকলে তাকে বা বিচারককে প্রায় হঠাৎ করে একটি সিলগালা খাম দেওয়া হয়। এর পরপরই সেদিনের কার্যক্রম দ্রুত শেষ হয়ে যায়।
বিরোধীরা এই ঘটনাকে কৌশলগত বিলম্ব হিসেবে দেখছে। তাদের দাবি, এভাবে বিচার পিছিয়ে দিয়ে সম্ভাব্য রায় এড়ানোর চেষ্টা করা হচ্ছে।
আইন বিশেষজ্ঞদের মতে, দোষী প্রমাণিত হলে নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎ বিশাল ঝুঁকিতে পড়তে পারে। এতে করে তিনি ভবিষ্যতে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ হারাতে পারেন।









































