সংগৃহীত ছবি
হার্দিক পান্ডিয়া মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হওয়ার পর থেকেই দুঃসময় কাটছে দলটির। একের পর এক ম্যাচে হার, সাফল্য যেন ধরা দিচ্ছে না তাদের। রোহিত শর্মাকে সরিয়ে হার্দিককে নেতৃত্ব দিলেও প্রত্যাশিত ফল আসছে না, ফলে সমালোচনার মুখে পড়ছেন তিনি।
রবিবার চেন্নাই সুপার কিংসের বিপক্ষে হার ছিল চলতি আইপিএলে মুম্বাইয়ের সপ্তম পরাজয়।
তবে দল হারলেও অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে এককভাবে দায়ী করা ঠিক নয় বলে মনে করেন ভারতের সাবেক ক্রিকেটার ও পশ্চিমবঙ্গের নেতা মনোজ তিওয়ারি। তার মতে, এই কঠিন সময়ে অধিনায়ককে দলের ভেতর থেকে প্রয়োজনীয় সমর্থন দেওয়া হচ্ছে না।
ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে মনোজ তিওয়ারি বলেন, ‘আমার মতে মুম্বাইয়ের অভিযান কার্যত শেষ। একজন অধিনায়ক দলের সব খেলোয়াড়ের শক্তি হিসেবে কাজ করেন।
কিন্তু আমার মনে হচ্ছে, হার্দিকের পাশে কেউ দাঁড়াচ্ছে না। সতীর্থদের কাছ থেকে যে ধরনের সহায়তা পাওয়া দরকার, সেটা তিনি পাচ্ছেন না।’
তিনি আরো বলেন, ‘দল হারলে শুধু অধিনায়ক নয়, পুরো দলকেই দায় নিতে হয়।’ মনোজ বলেন, ‘সূর্যকুমার যাদব ধারাবাহিক নন, তিলক বর্মাও ফর্ম ধরে রাখতে পারছেন না।
দলই যদি এমন খেলে, তাহলে ভালো ফল আসবে কিভাবে?’
এবারের আইপিএলে ১০টি দলের মধ্যে মুম্বাই ইন্ডিয়ান্সকেই সবচেয়ে শক্তিশালী স্কোয়াড হিসেবে ধরা হয়েছিল। রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া ও জসপ্রিত বুমরাহের মতো তারকা ক্রিকেটাররা থাকায় দলটি নিয়ে প্রত্যাশাও ছিল বেশি। তবে সেই শক্তিশালী দলই এখন ধারাবাহিক ব্যর্থতার মধ্য দিয়ে যাচ্ছে।
মনোজ তিওয়ারির এই মন্তব্যে সায় দিয়েছেন ভারতের সাবেক স্পিনার মুরলি কার্তিকও। তার মতে, মুম্বাইয়ের এবারের মৌসুম কার্যত শেষের পথে।
তিনি বলেন, ‘এখনও পাঁচটি ম্যাচ বাকি আছে। সবগুলো জিতলেও ১৪ পয়েন্ট হবে। কিন্তু পয়েন্ট টেবলের শীর্ষে থাকা পাঞ্জাব, বেঙ্গালুরু, হায়দরাবাদ ও রাজস্থানের মতো দলগুলো ১২-১৩ পয়েন্টে রয়েছে।’











































