সংগৃহীত ছবি
দেশের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত ও খ্যাতিমান ব্যক্তিদের জীবন, সংগ্রাম ও সাফল্যের গল্প নিয়ে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) শুরু হয়েছে নতুন অনুষ্ঠান ‘কিংবদন্তির সান্নিধ্যে’। শিল্প, সাহিত্য, সংস্কৃতি, ব্যবসা, বিজ্ঞান, প্রযুক্তি, ক্রীড়া, শিক্ষা, চিকিৎসা, গণমাধ্যমসহ নানা অঙ্গনে অবদান রাখা গুণীজনদের জীবনের অজানা অধ্যায় তুলে ধরা হবে এ আয়োজনে।
নিজের মেধা, শ্রম, সাহস ও অধ্যবসায়ের মাধ্যমে যারা জীবনে প্রতিষ্ঠা অর্জনের পাশাপাশি সমাজ ও দেশের অগ্রগতিতে ভূমিকা রেখেছেন, তাদের অভিজ্ঞতা, চিন্তা-ভাবনা ও জীবনবোধ নতুন প্রজন্মের সামনে তুলে ধরাই অনুষ্ঠানটির মূল উদ্দেশ্য। সাফল্যের পেছনের সংগ্রাম, প্রতিকূলতা মোকাবেলার অভিজ্ঞতা এবং দীর্ঘ পথচলার নানা গল্প থেকে দর্শকরা খুঁজে পাবেন অনুপ্রেরণা।
১ নভেম্বর, রবিবার থেকে বিটিভিতে প্রচার শুরু হয়েছে ‘কিংবদন্তির সান্নিধ্যে’। প্রতি মাসের প্রথম ও তৃতীয় রবিবার রাত ১০টায় প্রচারিত হবে অনুষ্ঠানটি।তানভীর আহমেদ খানের প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন ফেরদৌসী আহমেদ চৌধুরী।
অনুষ্ঠানটির প্রথম পর্ব সাজানো হয়েছে কিংবদন্তি সংগীতশিল্পী ফেরদৌসী রহমানকে নিয়ে। এতে উঠে আসে তার দীর্ঘ সংগীতজীবন, শিল্পচর্চা, কর্মময় পথচলা এবং সংগীতাঙ্গনে অর্জনের নানা দিক। সংগীতজীবনের অভিজ্ঞতার পাশাপাশি তার জীবন ও কর্মের নানা অধ্যায় সম্পর্কেও জানতে পারবেন দর্শকরা।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, দেশের গুণী ও প্রতিষ্ঠিত ব্যক্তিদের জীবনের অন্তরালের গল্প তুলে ধরার মধ্য দিয়ে ‘কিংবদন্তির সান্নিধ্যে’ হয়ে উঠবে অভিজ্ঞতা, অনুপ্রেরণা ও জীবনবোধ বিনিময়ের একটি বিশেষ মঞ্চ।











































