পুলিশের সামনে টেন্ডার বাক্স ছিনতাই, অনুরোধে ফেরত

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) ব্যবহার অযোগ্য মালামাল নিলামে বিক্রির টেন্ডার বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। পুলিশের সামনে থেকেই টেন্ডার বাক্সটি ছিনতাই করে টেন্ডারবাজরা। পরে পুলিশের অনুরোধে টেন্ডারবাজরা বাক্সটি ফেরত দিয়েছে। মঙ্গলবার সকালে বিএনপির দুই গ্রুপের রেষারেষির জেরে ছিনতাইয়ের ঘটনাটি ঘটে।

আরডিএ’র একজন কর্মকর্তা জানান, চার গ্রুপে ৪৫০টি শিডিউল বিক্রি করা হয়। মঙ্গলবার দুপুর ১টা পর্যন্ত টেন্ডার দাখিলের সময়সীমা ছিল। শিডিউল জমাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের নেতাকর্মীরা সকালে আরডিএ ভবনে ভিড় করেন। এরপর এক গ্রুপ টেন্ডার বাক্স ছিনতাই করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আরডিএ ভবনের নিচতলায় রক্ষিত টেন্ডার বাক্স উলটেপালটে দেখেন বিএনপির একদল নেতাকর্মী। একপর্যায়ে তারা বাক্সটি ভবনের বাইরে নিয়ে যান। তবে পুলিশ কাউকে বাধা দেয়নি। ঘটনার সময় শাহ মখদুম থানার একজন উপপরিদর্শকের (এসআই) নেতৃত্বে চার পুলিশ সদস্য টেন্ডার বাক্স পাহারা দিচ্ছিলেন। বিএনপির আরেক দল আরডিএ ভবনে গিয়ে পুলিশদের কাছ থেকে জানতে পারেন-টেন্ডার বাক্স তাদের দলেরই নেতাকর্মীরা ছিনতাই করেছেন। এরপর বিএনপির দুই গ্রুপের মধ্যে হাতাহাতি ও ধাওয়া-পালটাধাওয়ার ঘটনা ঘটে।

খবর পেয়ে শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন আরডিএ ভবনে যান। বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করে এক ঘণ্টা পর টেন্ডার বাক্সটি ফেরত আনেন।

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, নগরীর ১৮নং দক্ষিণ ওয়ার্ড যুবদলের আহ্বায়ক ধুলু শেখ, স্বেচ্ছাসেবক দল নেতা মামুন, সাগর, রাব্বি, আরজু, যুবদল নেতা মাথা ফুলা বাবু বা ভাংড়ি বাবু, সাদ্দাম, টোকাই সোহেল ও যুবদল নেতা শরীফ টেন্ডার বাক্সটি তুলে নিয়ে যাচ্ছেন। এ দলে ২৫ থেকে ৩০ জন নেতাকর্মী ছিলেন।

আরডিএ’র সহকারী প্রকৌশলী শেখ কামরুজ্জামান জানান, দুপুর আড়াইটার দিকে উদ্ধার হওয়া টেন্ডার বাক্সটি খোলা হয়। যাচাই-বাছাইয়ের সময় বেশ কয়েকটি দরপত্রে কাটাকাটির চিহ্ন পাওয়া গেছে। এ টেন্ডারের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। পর্যালোচনার পর কর্তৃপক্ষ এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

টেন্ডার দাখিলকারী হাবিবুর রহমান বলেন, ছিনতাইয়ের পর অন্যদের দরপত্র কাটাকাটি করে পুনরায় বাক্সে জমা দিয়েছে দুর্বৃত্তরা। সাধারণ দরপত্র দাখিলকারীরা আবার টেন্ডার আহ্বানের অনুরোধ করেছেন।

এ বিষয়ে শাহ মখদুম থানার ওসি কবির হোসেন বলেন, সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে টেন্ডার বাক্সটি নিয়ে যাওয়া হয়। পুলিশের অনুরোধে তা ফেরত দেওয়া হয়েছে।

যুবদলের দুই নেতাকে শোকজ : টেন্ডার বাক্স ছিনতাইয়ের ঘটনায় ১৮ নম্বর ওয়ার্ড (দক্ষিণ) যুবদলের আহ্বায়ক মো. ধলু ও ১৬ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে মহানগর যুবদল। এতে এ দুজনকে ২৪ ঘণ্টার মধ্যে মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি ও সদস্য সচিব রফিকুল ইসলাম রবির কাছে সশরীরে উপস্থিত হয়ে ব্যাখা দিতে বলা হয়েছে।

মহানগর যুবদলের সদস্য (দপ্তরে সংযুক্ত) মাসুদুল হক মৃধা মোমিন স্বাক্ষরিত কারণ দর্শানোর নোটিশ তাদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। ব্যাখ্যা না দিলে গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে জানানো হয়েছে। জানতে চাইলে মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি বলেন, ব্যাখা শোনার পর তারা সিদ্ধান্ত নেবেন।

LEAVE A REPLY