ভারতের প্রবৃদ্ধির পূর্বাভাস বাড়াল মুডিস

রয়টার্স ছবি

মধ্যপ্রাচ্যজুড়ে চলমান উত্তেজনায় বৈশ্বিক জ্বালানি সরবরাহে ধাক্কা এবং অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যেও চাঙ্গা অর্থনীতির পূর্বাভাস পেল ভারত। আন্তর্জাতিক ঋণমান নির্ধারণকারী সংস্থা মুডিস বলছে, ২০২৭ সালের মার্চে শেষ হতে যাওয়া অর্থবছরে ভারতের প্রবৃদ্ধি ৬ দশমিক ৫ শতাংশের পরিবর্তে ৭ শতাংশ হতে পারে।

সংস্থাটির মতে, অর্থনীতির বিভিন্ন খাতে বিস্তৃত প্রবৃদ্ধি এবং জ্বালানির সরবরাহসংক্রান্ত সংকট মোকাবেলায় ভারতের সক্ষমতা দেশটির অর্থনৈতিক অবস্থানকে শক্তিশালী করেছে। ভোগব্যয় বৃদ্ধি, বিনিয়োগের উন্নতি এবং সামষ্টিক অর্থনীতির শক্তিশালী মৌলিক ভিত্তি মধ্যমেয়াদে প্রবৃদ্ধির হার প্রায় ৭ শতাংশে ধরে রাখতে সহায়তা করবে।

জ্বালানির মূল্যবৃদ্ধির ধাক্কা ভারত আগের ধারণার তুলনায় ভালোভাবে সামাল দিয়েছে। সংস্থাটি বলেছে, অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাসের সরবরাহের উৎস বহুমুখী করার সক্ষমতা এ ক্ষেত্রে সহায়তা করেছে।

পাশাপাশি রাষ্ট্রীয় মালিকানাধীন তেল বিপণন প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে ভোক্তাদের ওপর তাৎক্ষণিক মূল্যবৃদ্ধির প্রভাব কমানো এবং করছাড়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। মুডিসের পর্যবেক্ষণে বলা হয়েছে, শিল্পের মূলধনী পণ্যের উৎপাদন ও আমদানি বৃদ্ধি, শিল্প খাতে ঋণের প্রবৃদ্ধি ত্বরান্বিত হওয়া এবং উৎপাদন সক্ষমতার ব্যবহার বাড়ার মতো সূচকগুলো বেসরকারি খাতে নতুন বিনিয়োগচক্র শুরুর ইঙ্গিত দিচ্ছে।

এর আগে চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে ভারতের অর্থনীতি বার্ষিক ভিত্তিতে ৭ দশমিক ৮ শতাংশ সম্প্রসারিত হয়। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, বিনিয়োগের জোয়ার ও উৎপাদন খাতের শক্তিশালী কার্যক্রমের পাশাপাশি ভোক্তাদের চাহিদা বৃদ্ধির কারণে প্রবৃদ্ধি পূর্বাভাসকে ছাড়িয়ে যায়।

তবে ভারতের অর্থনীতির জন্য কয়েকটি ঝুঁকির কথাও উল্লেখ করেছে মুডিস। এর মধ্যে রয়েছে নিত্যপণ্যের দাম বাড়ায় পরিবারের ভোগব্যয়ের ওপর চাপ সৃষ্টি, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বৃষ্টিপাতের ঘাটতির কারণে কৃষি উৎপাদন ও গ্রামীণ চাহিদা কমে যাওয়ার আশঙ্কা এবং কঠোর মুদ্রানীতির কারণে বেসরকারি বিনিয়োগ পুনরুদ্ধারে বিলম্ব।

এদিকে ভারতের অক্টোবর মাসের মূল্যস্ফীতির তথ্য প্রকাশের অপেক্ষায় ছিলেন অর্থনীতিবিদেরা। রয়টার্সের জরিপে অংশ নেওয়া অর্থনীতিবিদদের পূর্বাভাস অনুযায়ী, ওই মাসে ভোক্তা মূল্যস্ফীতি বেড়ে ৫ দশমিক ৯৩ শতাংশে দাঁড়াতে পারে। এটি ভারতের কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত সহনশীলতার সীমার কাছাকাছি।

প্রায় চার বছর পর গত অক্টোবরে প্রথমবারের মতো নীতি সুদের হার বাড়িয়েছে ভারতের কেন্দ্রীয় ব্যাংক। আগামী ১২ মাসে আরো ৯০ বেসিস পয়েন্ট সুদের হার বাড়তে পারে বলে ধারণা করছেন বাজার বিশ্লেষকেরা। এতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চেষ্টা জোরদার হলেও বেসরকারি বিনিয়োগে প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

LEAVE A REPLY