৬৯ রানের ইনিংস খেলেন লিটন দাস। ছবি : মীর ফরিদ, সিলেট থেকে
সিলেট টেস্টে আরেকটি দারুণ ইনিংস খেলেও সেঞ্চুরির দেখা পেলেন না লিটন দাস। দ্বিতীয় ইনিংসে ৬৯ রান করে আউট হয়েছেন বাংলাদেশের এই উইকেটকিপার ব্যাটসম্যান।
তৃতীয় দিনের দ্বিতীয় সেশনে বাংলাদেশের স্কোর যখন ৫ উইকেটে ২৩৯, তখনই থামে লিটনের ইনিংস। হাসান আলীর করা ৬২তম ওভারের চতুর্থ বলে সৌদ শাকিলের হাতে ক্যাচ দেন তিনি। ৯২ বলে ৫ চার মেরে ৬৯ রান করেন লিটন।
প্রথম ইনিংসে দুর্দান্ত সেঞ্চুরি করেছিলেন তিনি।তখনো ৫২ রানে থাকতে তার ক্যাচ ফেলেছিল পাকিস্তান। পরে সেই সুযোগ কাজে লাগিয়ে ১২৬ রানের অসাধারণ ইনিংস খেলেন লিটন।
আজও ভাগ্য সহায় ছিল তার। দ্বিতীয় ইনিংসে ৫৫ রানে থাকতে বোলার সাজিদ খান তার সহজ ক্যাচ নিতে পারেননি।তখন অনেকেই ভাবছিলেন, হয়তো আবারও সেঞ্চুরির দিকে এগোচ্ছেন লিটন।
এর আগে দ্বিতীয় সেশনের শুরুতেই টেস্ট ক্যারিয়ারের ২০তম ফিফটি পূর্ণ করেন তিনি। খুররম শেহজাদের বলে দৃষ্টিনন্দন কাভার ড্রাইভে চার মেরে ৬৭ বলে ফিফটি স্পর্শ করেন এই ডানহাতি ব্যাটসম্যান।
অন্যদিকে অভিজ্ঞ মুশফিকুর রহিমও তুলে নিয়েছেন ক্যারিয়ারের ৩০তম টেস্ট ফিফটি। তিনি এখনো অপরাজিত আছেন ৫৩ রানে।
লিটন আউট হলেও ম্যাচে এখনো শক্ত অবস্থানেই আছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের লিড দাঁড়িয়েছে ২৮৫ রান।











































