যুক্তরাষ্ট্রের ২৫০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত একটি কনসার্ট সিরিজ বাতিল করার কথা ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একের পর এক শিল্পী এই অনুষ্ঠান থেকে সরে যাওয়ার পর শনিবার তিনি এই ইঙ্গিত দেন। কনসার্টের বদলে বক্তৃতা ও সমাবেশ করার কথাও ভাবছেন তিনি।
নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, কনসার্টের পরিবর্তে বক্তৃতা ও সমাবেশ করার কথা তিনি ভাবছেন। তিনি নিজেকে ‘বিশ্বের এক নম্বর আকর্ষণ’ দাবি করে লেখেন, ‘গিটার ছাড়াই আমি এলভিসের সোনালি সময়ের চেয়েও বড় দর্শক টানি।’ এখানে তিনি প্রয়াত কিংবদন্তি শিল্পী এলভিস প্রেসলির কথা বলেছেন।
এই সপ্তাহের শুরুতে রক গ্রুপ পয়জনের প্রধান গায়ক ব্রেট মাইকেলস ‘ফ্রিডম ২৫০’ কনসার্ট থেকে সরে দাঁড়ানো পঞ্চম শিল্পী হিসেবে নাম লেখান। এই কনসার্ট সিরিজটি আগামী ২৫ জুন থেকে ১০ জুলাই পর্যন্ত ওয়াশিংটন ডিসির ন্যাশনাল মলে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ফ্রিডম ২৫০-এর ওয়েবসাইটে বলা হয়েছে, এটি ‘আমেরিকান চেতনার বিজয় উদযাপন’ করার অনুষ্ঠান। তবে যুক্তরাষ্ট্রের জন্মদিন ঘিরে অন্যান্য অনুষ্ঠান ও আয়োজন নিয়ে ইতিমধ্যে সমালোচনা শুরু হয়েছে। স্মারক মুদ্রায় ট্রাম্পের ছবি, নোটে তার স্বাক্ষর এবং বিশেষ পাসপোর্টে তার মুখচ্ছবি যোগ করার উদ্যোগ নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন।
এর আগে মার্কিন কান্ট্রি সংগীতশিল্পী মার্টিনা ম্যাকব্রাইড এবং ফাংক ও সোল গ্রুপ দ্য কমোডোরসও এই অনুষ্ঠান থেকে সরে যান।










































