ছবি : বিবিসি
আফ্রিকার দেশ ডিআর কঙ্গোতে প্রাণঘাতী ইবোলা ভাইরাসের প্রকোপ আশঙ্কাজনকভাবে বাড়ছে। ইবোলার দ্রুত প্রাদুর্ভাব গভীর উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি করেছে বলে সতর্কতা জারি করেছে আন্তর্জাতিক চিকিৎসা-মানবিক সংস্থা ডক্টরস উইদাউট বর্ডারস (এমএসএফ)।
দেশটির ইতুরি প্রদেশে প্রাদুর্ভাব ঘোষণার দুই সপ্তাহ পর গতকাল শনিবার এমএসএফের উপপরিচালক ড. অ্যালান গনজালেস বলেন, এটা খুবই উদ্বেগজনক। এর আগে এত অল্প সময়ে ‘এত বেশিসংখ্যক রোগী’ শনাক্ত হয়নি।
বিবিসির এক প্রতিবেদনে জানা যায়, দেশটিতে ইতিমধ্যে ইবোলায় আক্রান্ত সন্দেহভাজন রোগীর সংখ্যা ১০০০ ছাড়িয়েছে এবং এখন পর্যন্ত ২৪৬ জনের মৃত্যু হয়েছে। সংক্রমণ ঠেকাতে ও আক্রান্তদের চিকিসায় আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
আফ্রিকার কঙ্গোতে শুরু হওয়া ইবোলার বিরল ও মারাত্মক ‘বুন্দিবুগিও’ স্ট্রেনটি বর্তমানে প্রতিবেশী উগান্ডাতেও ছড়িয়ে পড়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে, অঞ্চলটিতে এরই মধ্যে বেশ কয়েকজন মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন। এই স্ট্রেনের সুনির্দিষ্ট কোনো অনুমোদিত ভ্যাকসিন বা চিকিৎসা না থাকায় পরিস্থিতি দিন দিন জটিল হচ্ছে।











































