আলজেরিয়ার বিশ্বকাপ দলে জিদানের ছেলে লুকা জিদান। ছবি : এক্স থেকে
বাবার মতো ফুটবলার হলেও পজিশন ভিন্ন লুকা জিদানের। কিংবদন্তি মিডফিল্ডার জিনেদিন জিদানের দ্বিতীয় ছেলে লুকা গোলরক্ষক।ভিন্নতা আরো এক জায়গায়। ১৯৯৮ বিশ্বকাপজয়ী জিদান ফ্রান্সের জার্সি গায়ে চড়ালেও ছেলে বেছে নিয়েছেন আলজেরিয়ার।
ইতিমধ্যে আলজেরিয়ার হয়ে গোলবারও সামলিয়েছেন লুকা। আজ আরো বড় স্বপ্নপূরণ হয়েছে ২৮ বছর বয়সী গোলরক্ষকের।আলজেরিয়ার ২০২৬ বিশ্বকাপ দলে ডাক পেয়েছেন তিনি। তাকে রেখেই আজ ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন কোচ ভ্লাদিমির পেটকোভিচ। বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেবেন আল আহলির ফরোয়ার্ড রিয়াদ মাহরেজ।
আলজেরিয়ার হয়ে ৬ ম্যাচ খেলা লুকা অবশ্য যুবপর্যায়ে ফ্রান্সের হয়েই খেলা শুরু করেছিলেন।অনূর্ধ্ব-২০ দলের হয়ে খেলা এই গোলরক্ষক গত বছর নিজের সিদ্ধান্তে পরিবর্তন আনেন। জন্মভূমি নয়, সিনিয়র পর্যায়ে মাঠ মাতাতে চান আলজেরিয়ার জার্সিতে। তার দাদা-দাদি আলজেরিয়ান।
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো বিশ্বকাপে ‘জে’ গ্রুপে পড়েছে আলজেরিয়া। নিজেদের ইতিহাসের পঞ্চম বিশ্বকাপে তাদের গ্রুপ সঙ্গী আর্জেন্টিনা, অস্ট্রিয়া ও জর্ডান।আগামী ১৬ জুন বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ যাত্রা শুরু হবে।
আলজেরিয়ার বিশ্বকাপ দল
গোলকিপার : ওসামা বেনবোট, মেলভিন মাসতিল, লুকা জিদান।
ডিফেন্ডার : আশরাফ আবাদা, রায়ান আইত-নুরি, জিনেদিন বেলাইদ, রফিক বেলঘালি, রামি বেনসেবাইনি, সামির চেরগুই, জাউয়েন হাদজাম, আইসা মান্দি, মোহামেদ আমিন তুগাই।
মিডফিল্ডার : হুসেম আউয়ার, ইব্রাহিম মাজা, ইয়াসিন তিত্রাউই, নাবিল বেনতালেব, হিশাম বুদাউই, ফারেস শাইবি, রামিজ জেরুকি।
ফরোয়ার্ড : আমিন গুইরি, রিয়াদ মাহরেজ, মোহামেদ আমিন আমৌরা, নাদির বেনবুয়ালি, আদিল বুলবিনা, ফারেস ঘেজেমিস, আনিস হাজ মুসা।











































