ব্যক্তিগত পুরস্কার সামনে রেখে সূর্যবংশীর ফটোসেশন। ছবি : ক্রিকইনফো
সঞ্চালকের ঘোষণায় এক এক করে পাঁচবার পুরস্কার বিতরণী মঞ্চে গেলেন বৈভব সূর্যবংশী। ফিরলেন পাঁচটি পুরস্কার নিয়ে।রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হলেও পুরস্কার মঞ্চের আলো এভাবেই কেড়েছেন সূর্যবংশী। তাতে ইতিহাসের পাতায় ঠাঁই হলো ১৫ বছর বয়সী বাঁ-হাতি ব্যাটারের।
আইপিএলের এক আসরে পাঁচ পুরস্কার জেতার নজির নাই আর কোনো ক্রিকেটারের। এ ছাড়া প্রথম ক্রিকেটার হিসেবে জিতেছেন সেরা ক্রিকেটার ও টুর্নামেন্টের উদীয়মান ক্রিকেটারের পুরস্কার।এর বাইরে জিতেছেন টুর্নামেন্টে সবচেয়ে বেশি রানের জন্য অরেঞ্জ ক্যাপ, সুপার স্ট্রাইকার অব দ্য সিজন ও সুপার সিক্সেস অব দ্য সিজনের পুরস্কার।
তবে পুরস্কারের মালা সাজিয়েও অপূর্ণতা থেকে গেছে সূর্যবংশীর। রাজস্থান রয়্যালসের হয়ে যে ট্রফিটা জেতা হয়নি তার। ট্রফি ছুঁয়ে দেখা দূর কি বাত ফাইনালেই ওঠা হয়নি রাজস্থানের।দ্বিতীয় কোয়ালিফায়ার খেলে বিদায় নিতে হয়েছে তাদের।
সূর্যবংশীর দুর্দান্ত পারফরম্যান্সটা তাই কাজে আসল না রাজস্থানের। ১৬ ম্যাচ শেষে সর্বোচ্চ ৭৭৬ রান করেন এই ওপেনার। স্ট্রাইকরেট চোখ কপালে ওঠার মতো, ২৩৭.৩০। ৬৩ চারের বিপরীতে হাঁকিয়েছেন সর্বোচ্চ ৭২ ছক্কা।
ব্যক্তিগত ণৈপুন্য সামনের আসরেও দেখাতে চান সূর্যবংশী। ১৫ বছর বয়সী ব্যাটার বলেছেন, ‘ভালো লাগছে, তবে সাক্ষাৎকার দেওয়ার কারণে কিছুটা চাপও অনুভব করছি। আমার জন্য এটি গর্বের মুহূর্ত। আগামী মৌসুমেও ভালো করার চেষ্টা করব।’











































