রয়টার্স ছবি
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও বহুল ব্যবহৃত সার্চ ইঞ্জিন গুগলকে নতুন নির্দেশনা দিয়েছে যুক্তরাজ্য। সার্চ ফলাফলের র্যাঙ্কিং কিভাবে নির্ধারণ করা হয়, সে বিষয়ে আরো স্বচ্ছতা নিশ্চিত করা এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলোর জন্য আরো ন্যায্য পরিবেশ তৈরি করাসহ ব্যবহারকারীদের সুবিধা বাড়ানোর লক্ষ্যেও নতুন কিছু শর্ত আরোপ করেছে যুক্তরাজ্যের প্রতিযোগিতা ও বাজার নিয়ন্ত্রক সংস্থা (সিএমএ)।
বুধবার এক বিবৃতিতে সিএমএ জানায়, নতুন নিয়মের আওতায় গুগলকে সার্চ ফলাফলের র্যাঙ্কিং প্রক্রিয়া আরো স্বচ্ছ ও ন্যায্য করতে হবে। পাশাপাশি ব্যবহারকারীরা যাতে তাদের সার্চ-সংক্রান্ত তথ্য অনুমোদিত তৃতীয় পক্ষের কাছে স্থানান্তর করতে পারেন, সেই সুযোগও নিশ্চিত করতে হবে।
ব্রিটিশ নিয়ন্ত্রক সংস্থাটি গুগলের সার্চ বাজারে আধিপত্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। এ কারণে প্রতিষ্ঠানটিকে ‘স্ট্র্যাটেজিক মার্কেট স্ট্যাটাস’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।যার ফলে প্রতিষ্ঠানটির ওপর বিশেষ কিছু বিধি-নিষেধ ও স্বচ্ছতাসংক্রান্ত নিয়ম প্রয়োগ করা সম্ভব হবে।
সিএমএর ডিজিটাল মার্কেটস বিভাগের নির্বাহী পরিচালক উইল হেইটার রয়টার্সকে বলেন, ‘নতুন এই পদক্ষেপগুলো নিশ্চিত করবে যে সার্চ ফলাফল ন্যায্য ও বস্তুনিষ্ঠভাবে র্যাঙ্ক করা হচ্ছে। পাশাপাশি পরিবর্তন সম্পর্কে আরো স্পষ্ট তথ্য পাওয়া যাবে এবং অভিযোগ উত্থাপনের কার্যকর ব্যবস্থা থাকবে।’
এর আগে চলতি মাসের শুরুতেও গুগলের জন্য নতুন কিছু আচরণগত নির্দেশনা ঘোষণা করেছিল সিএমএ।সেসব নির্দেশনার মাধ্যমে প্রকাশকরা চাইলে তাদের কনটেন্ট গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ফিচারগুলোর প্রশিক্ষণ বা ব্যবহারের জন্য ব্যবহার না করার সুযোগ পাবেন।










































