প্রিয়দর্শনের নতুন সিনেমায় অক্ষয়ের বিপরীতে ভূমি

সংগৃহীত ছবি

প্রিয়দর্শনের নতুন সিনেমায় আবারও একসঙ্গে দেখা যাবে অক্ষয় কুমার ও ভূমি পেড়নেকরকে। ২০২২ সালে মুক্তি পাওয়া ‘রক্ষা বন্ধন’ সিনেমার চার বছর পর ফের জুটি বাঁধতে চলেছেন তারা।

হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে সিনেমায় ভূমির অভিনয়ের বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক প্রিয়দর্শন।

প্রতিবেদন অনুযায়ী, ১৯৭০-এর দশকের প্রেক্ষাপটে তৈরি হবে ছবিটি। এতে বাঘ শিকারির চরিত্রে অভিনয় করবেন অক্ষয় কুমার। এখনো ছবির নাম ঘোষণা করেননি নির্মাতারা।তবে নভেম্বরের শেষ সপ্তাহে শুরু হতে পারে শুটিং। প্রিয়দর্শনের পরিচালনায় এটি হতে যাচ্ছে তার ৯৯তম ছবি। ছবিটি প্রযোজনা করছেন রমেশ তৌরানি।

এর আগে জানা গিয়েছিল, রাজস্থান ও মুম্বাইয়ে তিন মাস ধরে ছবির শুটিং করার পরিকল্পনা রয়েছে।সম্ভাব্য শুটিং লোকেশন হিসেবে বিবেচনায় রয়েছে ভোপালও। ছবিতে অনু কাপুর ও রাজপাল যাদব অভিনয় করতে পারেন বলেও খবর প্রকাশিত হয়েছে।

চলতি বছর ‘দালদাল’ ওয়েব সিরিজে অভিনয়ের জন্য প্রশংসা পেয়েছেন ভূমি। সম্প্রতি মহারাষ্ট্রের শিরডি, মধ্যপ্রদেশের উজ্জয়িনী এবং অন্ধ্রপ্রদেশের তিরুপতি মন্দিরে আধ্যাত্মিক সফর করেছেন তিনি। নিজের জন্মদিনে জুলাইয়ে গোয়ার কুলদেবীর মন্দিরেও আশীর্বাদ নিতে গিয়েছিলেন অভিনেত্রী।

অক্ষয় কুমার ও প্রিয়দর্শন জুটি এর আগে ‘হেরা ফেরি’, ‘গরম মসলা’, ‘ভাগম ভাগ’, ‘ভুলভুলাইয়া’, ‘দে দানা দান’, ‘খাট্টা মিঠা’ ও ‘ভূত বাংলা’র মতো ছবিতে কাজ করেছেন। তাদের নতুন ছবিটি নিয়েও দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

LEAVE A REPLY