ছবি : রয়টার্স
বিশ্বকাপের মাঝেই নিজের ‘স্বপ্নপূরণ’ করতে অ্যাতলেতিকো মাদ্রিদ ছাড়ার প্রকাশ্য ঘোষণা দিয়েছেন আর্জেন্টিনার তারকা স্ট্রাইকার হুলিয়ান আলভারেজ। ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ডের এমন মন্তব্যের পর ইউরোপিয়ান ফুটবল বাজারে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে।
ইতিমধ্যে বার্সেলোনা এবং প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) মতো জায়ান্ট ক্লাবগুলো তাকে দলে ভেড়াতে আগ্রহ দেখিয়েছে। অন্যদিকে, চলতি জুনের শুরুর দিকে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছ থেকে আসা ১৫০ মিলিয়ন ইউরোর (প্রায় ১৩০ মিলিয়ন পাউন্ড) একটি বিশাল প্রস্তাব ফিরিয়ে দিয়েছে অ্যাতলেতিকো মাদ্রিদ।
বর্তমানে আর্জেন্টিনা দলের হয়ে বিশ্বকাপে ব্যস্ত সময় পার করছেন আলভারেজ। গোড়ালির চোট কাটিয়ে ওঠার পর টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচে অবশ্য বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমেছেন তিনি।
অস্ট্রিয়ার বিপক্ষে সোমবার রাতে আর্জেন্টিনার জয়ের পর নিজের ভবিষ্যৎ নিয়ে মুখ খোলেন এই তারকা।
আলভারেজ বলেন, ‘অ্যাতলেতিকোর যেসব কর্মকর্তার সাথে আমার কথা বলা প্রয়োজন ছিল, আমি বলেছি। সবার জন্যই এখন সেরা সিদ্ধান্ত হবে একটি দলবদল। আমি আমার স্বপ্ন পূরণ করতে চাই।’
তিনি আরো বলেন, ‘যদিও এখন এসব নিয়ে কথা বলার উপযুক্ত সময় নয়, তবে আমি বিষয়টি লুকিয়েও রাখতে পারি না। আমি একজন সৎ মানুষ হিসেবেই থাকার চেষ্টা করি।’
২০২৪ সালের গ্রীষ্মকালীন দলবদলে ৮১.৫ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে ম্যানচেস্টার সিটি থেকে দিয়েগো সিমিওনের আতলেতিকো মাদ্রিদে যোগ দিয়েছিলেন সাবেক এই রিভার প্লেট ফরোয়ার্ড। স্প্যানিশ ক্লাবটির হয়ে ১০৬ ম্যাচে তিনি করেছেন ৪৯ গোল, পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ১৭টি গোল।
লা লিগায় নিজের প্রথম মৌসুমে ১৭ গোল করে আলো ছড়ালেও, সদ্য সমাপ্ত ২০২৫-২৬ মৌসুমে কিছুটা ফর্মহীনতায় ভুগেছেন আলভারেজ, করতে পেরেছেন মাত্র ৮ গোল।তবে ঘরোয়া লিগে নিষ্প্রভ থাকলেও চ্যাম্পিয়ন্স লিগে ছিলেন দুর্দান্ত। ইউরোপের শীর্ষ এই প্রতিযোগিতায় ১০ গোল করে আতলেতিকোকে সেমিফাইনালে তুলতে বড় ভূমিকা রাখেন তিনি, যদিও সেমিফাইনালে আর্সেনালের কাছে হেরে বিদায় নিতে হয় তার দলকে।










































