ছবি : পিটিআই
ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি লিগ সৈয়দ মুশতাক আলী ট্রফির জন্য বিহার ক্রিকেট দলের অধিনায়ক মনোনীত হয়েছেন বিস্ময় বালক বৈভব সূর্যবংশী। সিনিয়র দলে অধিনায়ক হিসেবে এটিই হতে যাচ্ছে ১৫ বছর বয়সী এই তরুণ ব্যাটারের প্রথম অ্যাসাইনমেন্ট।বৈভবের হাতে অধিনায়কত্ব তুলে দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সাবেক ভারতীয় ক্রিকেটার হরভজন সিং বলেছেন, বৈভবের প্রতিভা আছে, ভালো খেলছে। ওর নেতৃত্বের দায়িত্ব দেওয়া নিয়ে কোনও সমস্যা আছে বলে আমার মনে হয় না।
এই সময়ের প্রতিবেদনে অনুযায়ী, বৈভবের প্রতিভা নিয়ে উচ্ছ্বসিত হরভজন আরো বলেন, ‘বৈভব এখন যা করছে, আগে কেউ কখনও তা করতে পারেনি। ও অবিশ্বাস্য প্রতিভার অধিকারী।ওর মতো প্রতিভাবান ক্রিকেটারকে আগে কখনও দেখেছি বা তাঁর বিরুদ্ধে খেলেছি বলে মনে পড়ে না।’
বিহার ক্রিকেট সংস্থার সভাপতি হর্ষবর্ধনও বৈভবের নেতৃত্ব নিয়ে আশাবাদী। তিনি বলেছেন, ‘খুব কম বয়সেই বৈভব নিজের অসাধারণ প্রতিভা, আত্মবিশ্বাস এবং পরিণত মানসিকতার পরিচয় দিয়েছে। ওর নেতৃত্বে দল শৃঙ্খলাবদ্ধ ক্রিকেট খেলবে এবং প্রতিপক্ষকে কঠিন লড়াই দেবে বলে আমাদের আশা।
সৈয়দ মুস্তাক আলি ট্রফির গ্রুপ ‘বি’-তে ১৪ নভেম্বর ইন্দোরে সৌরাষ্ট্রের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবে বিহার। ওই দিনই অধিনায়ক হিসেবে গুরু দায়িত্বের প্রথম পরীক্ষায় অবতীর্ণ হবেন ১৫ বছরের এই বিস্ময়বালক।











































