ফাইল ছবি
পারস্য উপসাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে মাইন অপসারণে ফ্রান্সের অংশগ্রহণের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। সাম্প্রতিক পাকিস্তানের মধ্যস্থতায় স্বাক্ষরিত যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক (এমওইউ) অনুযায়ী প্রণালিতে মাইন অপসারণের কাজ শুধুমাত্র ইরানই করবে বলে জানিয়েছেন দেশটির আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি।
দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভি বলছে, এর আগে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ ঘোষণা দেন, ওমানের সঙ্গে সমন্বয় করে এবং মিত্র দেশগুলোর সহযোগিতায় ফ্রান্স হরমুজ প্রণালিতে মাইন অপসারণের উদ্যোগ নেবে। যাতে গুরুত্বপূর্ণ এই নৌপথে নিরাপদ ও অবাধ চলাচল নিশ্চিত করা যায়। তার এই কথার পর গারিবাবাদি এ মন্তব্য করেন।
এর জবাবে ইরানের শীর্ষ এই কূটনীতিক বলেন, ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক অনুযায়ী মাইন অপসারণের কাজ কেবল ইরানই করবে, অন্য কোনো দেশ নয়।’
কাজেম গারিবাবাদি আরো বলেন, বর্তমান ‘সংবেদনশীল ও জটিল’ পরিস্থিতিতে হরমুজ প্রণালিতে মাইন অপসারণের কাজে কোনো বিদেশি হস্তক্ষেপ ইরান মেনে নেবে না।
ফ্রান্সকে সতর্ক করে তিনি বলেন, ‘আমরা দৃঢ়ভাবে পরামর্শ দিচ্ছি, উসকানিমূলক পদক্ষেপ নিয়ে পরিস্থিতিকে আরো জটিল করবেন না।’
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে ইরান হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বিধিনিষেধ আরোপ করেছিল। বিশ্বে সমুদ্রপথে পরিবাহিত মোট তেলের প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালি দিয়ে পরিবহন হয়।
গত ১৭ জুলাই পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্র একটি ১৪ দফা সমঝোতা স্মারকে সই করে। এতে সব ফ্রন্টে স্থায়ীভাবে সংঘাত বন্ধ, ৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির জন্য আলোচনা অব্যাহত রাখা এবং বাণিজ্যিক জাহাজের জন্য অন্তত ৬০ দিন টোলমুক্ত চলাচল নিশ্চিত করা। পাশাপাশি ৩০ দিনের মধ্যে হরমুজ প্রণালিতে পূর্ণাঙ্গ নৌ চলাচল পুনরুদ্ধারের প্রতিশ্রুতিও রয়েছে।
তবে ইরান পুনর্ব্যক্ত করেছে যে, হরমুজ প্রণালি যুদ্ধ-পূর্ব অবস্থায় ফিরে যাবে না এবং এই কৌশলগত জলপথের ওপর নিজেদের সার্বভৌম অধিকার বজায় রাখবে।










































