কলম্বিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৬৫

ছবি : রয়টার্স

কলম্বিয়ার প্রেসিডেন্ট বুধবার দেশটিতে অর্থনৈতিক জরুরি অবস্থা ঘোষণা করেছেন। একই সঙ্গে তিনি বলেছেন, ভয়াবহ ভূমিকম্পের পর দেশটি আবার ঘুরে দাঁড়াবে।প্রেসিডেন্টের দাবি, সোমবারের ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে এখন পর্যন্ত ২৬৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ৩ হাজার ৫০০ মানুষ।

এক বিবৃতিতে আবেলার্দো দে লা এসপ্রিয়েলা বলেন, ‘আমরা যা যা করা দরকার, সবই করব।’ তিনি আরো বলেন, এই বিপর্যয়ের পর ‘একটি দেশ ও একটি সমাজ হিসেবে আমরা আবার ঘুরে দাঁড়াব।’

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে ৯ হাজার ৫৫০টির বেশি বাড়িঘর ধ্বংস হয়েছে। দেশটির কফি উৎপাদন অঞ্চলের কেন্দ্রস্থল পেরেইরা শহরে ৮৩ জন এবং দেশের তৃতীয় বৃহত্তম শহর কালিতে ৭৪ জন নিহত হয়েছেন।

পেরেইরায় ধসে পড়া একটি বেকারির ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চালাচ্ছেন কর্মীরা। সেখানে সোমবারের ভূমিকম্পের পর এক রাস্তার বিক্রেতা আটকা পড়েছেন।তিনি এখনো জীবিত থাকতে পারেন বলে ধারণা করছেন উদ্ধারকারীরা।

বিশেষ যন্ত্রের সাহায্যে ধ্বংসস্তূপের নিচে প্রাণের সম্ভাব্য সংকেত শনাক্ত করেছেন উদ্ধারকারীরা। এ খবর পেয়ে সেখানে আটকে থাকা পাবলো লোয়াইজার স্বজনেরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। কালিতে উদ্ধারকারীরা তৃতীয় রাতেও ধ্বংসস্তূপের নিচে জীবনের সন্ধানে কাজ চালিয়ে যাওয়ার প্রস্তুতি নিয়েছেন। তারা খালি হাত, ক্রেন ও প্রশিক্ষিত কুকুর ব্যবহার করছেন।শব্দ শনাক্ত করার জন্য নিয়মিত কাজ থামিয়ে পুরো এলাকা নীরবও করা হচ্ছে।

কলম্বিয়ার প্রেসিডেন্ট দে লা এসপ্রিয়েলা ভূমিকম্পে ধ্বংস হওয়া হাসপাতাল, স্কুল, বাড়িঘর ও অন্যান্য অবকাঠামো পুনর্নির্মাণে একটি জরুরি তহবিল গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন। ভূমিকম্পের মাত্র তিন দিন আগে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়া দে লা এসপ্রিয়েলা বলেন, ‘এটি নিঃসন্দেহে একটি বড় ট্র্যাজেডি। আমাদের এখন মূল লক্ষ্য হলো যারা এখনও নিখোঁজ রয়েছেন, তাদের খুঁজে বের করা।’

ভূমিকম্পের ক্ষয়ক্ষতি মোকাবেলায় তিনি অর্থনৈতিক জরুরি অবস্থাও ঘোষণা করেছেন। তবে এই জরুরি অবস্থার আওতায় কী কী পদক্ষেপ নেওয়া হবে, তা তিনি বিস্তারিত জানাননি। এদিকে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় সাধারণ মানুষও সাহায্যের জন্য এগিয়ে এসেছেন। অনেকে পানি, খাবার ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী নিয়ে দুর্গত এলাকায় পৌঁছে দিচ্ছেন। রক্তের চাহিদা মেটাতে রক্তদান কেন্দ্রগুলোর বাইরেও মানুষের দীর্ঘ সারি দেখা গেছে।

LEAVE A REPLY