ইরানে আইআরজিসির দুই সদস্য গুলিতে নিহত

ছবি: রয়টার্স

ইরানের পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী শহর পাভেহতে নিজ বাড়িতে বন্দুকধারীদের গুলিতে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের দুই সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।কে এই হামলা চালিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। 

তবে ইরানের সরকার অতীতের এমন হামলার জন্য প্রায়ই সীমান্ত এলাকার কুর্দি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে দায়ী করে থাকে। তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যোগাযোগ থাকার অভিযোগও করে তেহরান।

রাষ্ট্রীয় টেলিভিশনের ভাষ্য অনুযায়ী, এটি ছিল একটি ‘সন্ত্রাসী ও কাপুরুষোচিত হামলা’।এতে আরো দুইজন আইআরজিসি সদস্য আহত হয়েছেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার বিস্তারিত ঘটনা এবং দায়ীদের শনাক্ত করতে তদন্ত চলছে। এদিকে, সোমবার দক্ষিণ-পূর্বাঞ্চলের সারাভান শহরে একটি পরিবারের গাড়িতে এলোপাতাড়ি গুলি চালানো হয়। এতে পরিবারের বাবা ঘটনাস্থলেই নিহত হন এবং মা গুরুতর আহত হন।পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।

এই হামলার জন্য কারা দায়ী, সে বিষয়ে কর্তৃপক্ষ এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য দেয়নি। তবে রাষ্ট্রীয় টেলিভিশন দাবি করেছে, হামলাটি ‘জায়নবাদী-আমেরিকান ভাড়াটে গোষ্ঠী’ চালিয়েছে। ইরানের কর্মকর্তারা সাধারণত বিচ্ছিন্নতাবাদী ও সশস্ত্র গোষ্ঠীগুলোকে বোঝাতে এ ধরনের শব্দ ব্যবহার করেন।

পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তের কাছে অবস্থিত সিস্তান-বেলুচিস্তান প্রদেশে দীর্ঘদিন ধরে নিরাপত্তা বাহিনী, সশস্ত্র গোষ্ঠী ও মাদক পাচারকারীদের মধ্যে সংঘর্ষ চলে আসছে।এটি ইরানের অন্যতম দরিদ্র প্রদেশ। এখানে অনেক বেলুচ জনগোষ্ঠীর বসবাস, যাদের বেশির ভাগ সুন্নি মুসলিম। তবে ইরানের অধিকাংশ মানুষ শিয়া মুসলিম।


LEAVE A REPLY