পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কোট আদ্দু জেলায় বরযাত্রীবাহী একটি অটোরিকশা খালে পড়ে ছয় শিশুসহ ১২ জনের মৃত্যু হয়েছে।
সোমবার (১০ আগস্ট) রাতে মুজাফফরগড় খালে এমন মর্মান্তিক ঘটনা ঘটে। উদ্ধাকারীরা দুই দিনে ১২ জনের লাশ উদ্ধার করেছেন। খবর পাকিস্তান টুডের।
প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার দিবাগত রাতে ৩টি অটোরিকশায় করে বরযাত্রীরা লোমার ওয়ালা নামে একটি জায়গা থেকে বাসিত আরিন নামে আরেকটি জায়গায় যাচ্ছিলেন। এগুলোর সবগুলোতেই অতিরিক্ত যাত্রী ছিল। অস্বাভাবিক গতির কারণে একটি অটোরিকশার চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে তার রিকশাটি খালে পড়ে যায়।
দুর্ঘটনার সময় রিকাশটিতে ২৪ যাত্রী ছিলেন। যারমধ্যে তিনজন সাঁতরে ওপরে ওঠে অন্যদের খবর দেন। এরপর উদ্ধাকারী ও স্থানীয়রা মিলে রাতভর ব্যাপক উদ্ধার অভিযান চালান। প্রাথমিক অবস্থায় ছয়জনকে জীবিত এবং তিনটি লাশ উদ্ধার করেন তারা।
উদ্ধারকারী দলের ইনচার্জ ওসামা জিসান বলেছেন, আজ মঙ্গলবার তারা আরও ৯টি লাশ উদ্ধার করেন। এতে মৃতের সংখ্যা ১২ জনে পৌঁছায়। এখনো কয়েকজন নিখোঁজ থাকায় এ সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
উদ্ধারকারীরা জানিয়েছেন, ঘটনাস্থল থেকে ২০ কিলোমিটার দূরেও একজনের লাশ পাওয়া গেছে। এছাড়া ৫,৭ এবং ১৫ কিলোমিটার দূর থেকেও মিলেছে বরযাত্রীদের নিথর দেহ।
খালটি প্রায় ১৫ থেকে ২০ ফুট গভীর এবং প্রস্থ ১০০ থেকে ১২০ ফুট। ওই অঞ্চলের সেঁচ কাজে খালটির পানি ব্যবহার করেন কৃষকরা।










































