হরমুজ ও বাবেল মান্দেব প্রণালি বন্ধের হুমকি হুথিদের, বাড়তে পারে তেলের দাম

সৌদি আরবের অব্যাহত আগ্রাসনের প্রতিবাদে এবং ইয়েমেনের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলার জবাবে হরমুজ ও লোহিত সাগরের বাবেল মান্দেব প্রণালি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী হুথি। 

প্রেস টিভি এক প্রতিবেদনে জানায়, হুথি আন্দোলনের রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ আল-ফারাহ সোমবার হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, রিয়াদের এ কর্মকাণ্ডের ফলে তেলের দাম ব্যারেলপ্রতি দুই শ ডলারে পৌঁছে যেতে পারে, যা বিশ্ব অর্থনীতিতে ভয়াবহ সংকট সৃষ্টি করবে।তিনি বলেন, পরিস্থিতি আরো জটিল হলে বাব আল-মানদেব এবং হরমুজ প্রণালি সম্মিলিতভাবে বন্ধ করে দেওয়া হবে। এ ছাড়া সৌদি আরবের যেকোনো আগ্রাসনের কঠোর জবাব দেওয়ার প্রস্তুতি নিয়েছে সানা। প্রয়োজনে সৌদি ভূখণ্ডের গভীরে আঘাত হানা হবে বলেও জানানো হয়েছে।

এর পাশাপাশি ইয়েমেনের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের সদস্য মোহাম্মদ আলী আল-হুথি সানা বিমানবন্দরে সৌদি হামলার তীব্র নিন্দা জানিয়ে একে আন্তর্জাতিক মানবিক আইনের চরম লঙ্ঘন বলে অভিহিত করেছেন।তিনি এই হামলার জন্য সরাসরি যুক্তরাষ্ট্র ও সৌদি আরবকে দায়ী করে বলেছেন, দীর্ঘদিনের স্থবিরতার পর বিমানবন্দর ও বেসামরিক স্থাপনায় হামলা চালিয়ে তারা যুদ্ধাপরাধ করছে। আনসারুল্লাহর অপর নেতা আলী আল-কাহুম হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইয়েমেনের ওপর আরোপিত এগারো বছরের অবরোধ ভাঙার লড়াই অব্যাহত থাকবে এবং সৌদি আরবকে এই উসকানিমূলক কর্মকাণ্ডের ভয়াবহ পরিণতির জন্য প্রস্তুত থাকতে হবে।
 

LEAVE A REPLY