ছবি : শাটারস্টক
ইরান যুদ্ধের তীব্রতা বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম। সোমবার বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৪ শতাংশেরও বেশি বেড়েছে।
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধের প্রভাব শুধু এই দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ নেই। কারণ এই যুদ্ধের সঙ্গে তাল মিলিয়ে ওঠানামা করে জ্বালানি তেলের দাম। তাই গোটা বিশ্বেই এর প্রভাব পড়ে। বিশেষ করে হরমুজ প্রণালির ওপরই অনেকটা নির্ভর করে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম।বিশ্বের জ্বালানি তেলের চাহিদার পাঁচ ভাগের এক ভাগ পরিবহন করা হয় হরমুজ প্রণালি দিয়ে।
ইরানের সঙ্গে যুদ্ধবিরতি বাতিল করে নতুন করে আক্রমণ শুরু করেছে যুক্তরাষ্ট্র। তারপরই আবার নড়াচড়া শুরু হয়েছে তেলের বাজারে। সবশেষ ইরান হরমুজ প্রণালি বন্ধ ঘোষণার পর তেলের দাম বড় লাফ দিয়েছে।আজ হঠাৎ করে আন্তর্জাতিক বাজারে তেলের দাম একলাফে ৪ শতাংশেরও বেশি বেড়েছে।
আন্তর্জাতিক বাজারে তেলের প্রধান বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেল প্রতি ৪ দশমিক শূন্য ৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৭৯ দশমিক ১১ ডলার। আর মার্কিন যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেল ডব্লিউটিআই ক্রুডের দাম ৪ দশমিক ১১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৭৪ দশমিক ৩৭ ডলারে পৌঁছেছে।
যুদ্ধ শুরুর পর জ্বালানি তেলের দাম লাফিয়ে লাফিয়ে বেড়ে গত মার্চে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেল প্রতি ১২০ ডলার পর্যন্ত উঠেছিল। তবে যুদ্ধবিরতির পর দ্রুতই তা ৭০ ডলারে নেমে আসে।
যুদ্ধের তীব্রতা আরো বাড়লে বা হরমুজ প্রণালি বন্ধ থাকলে তেলের দাম আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।











































