সংগৃহীত ছবি
সৌদি আরবের বৃহত্তম রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান আরামকো তেল শোধনাগারে একাধিক ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের সেনাবাহিনী। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জিজান শহরে এ হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।
ইয়েমেনের সরকারি সংবাদ সংস্থার বরাতে এ তথ্য জানিয়েছে ইরানের একটি আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি। সামরিক সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় শোধনাগার এলাকায় শক্তিশালী বিস্ফোরণ ঘটে।
সৌদি নেতৃত্বাধীন জোটের যুদ্ধবিমান ইয়েমেনের সাদা ও হাজ্জাহ প্রদেশের আকাশসীমা লঙ্ঘনের জবাব হিসেবে এ হামলা চালানো হয়েছে বলে দাবি করা হয়েছে। তবে হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা কেউ হতাহত হয়েছেন কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
এদিকে ইয়েমেনের মন্ত্রিসভা সৌদি আরবের বিরুদ্ধে হামলা বন্ধ, অবরোধ প্রত্যাহার, ইয়েমেনিদের বেতন পরিশোধ এবং যুদ্ধের কারণে ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছে। দেশটির ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী আল্লামাহ মোহাম্মদ মুফতাহর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর প্রস্তুতির কথাও তুলে ধরা হয়।











































