অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার হেনরিকস এখন পর্তুগালের অধিনায়ক, করলেন সেঞ্চুরি

ছবি : আইসিসি

একসময় ডন ব্রাডম্যানের দেশ অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট খেলেছেন। গায়ে চড়িয়েছেন ক্যাঙ্গারুদের ওয়ানডে ও টি-টোয়েন্টি জার্সিও।অস্ট্রেলিয়ার হয়ে ৪৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলা সেই অলরাউন্ডার ময়জেস হেনরিকস এখন পর্তুগাল জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক।

পর্তুগাল অবশ্য হেনরিকসের কাছে কোনো অচেনা ভূখণ্ড নয়, এই দেশেই তার জন্ম। ৩৯ বছর বয়সে এসে নিজের সেই জন্মভূমিকে বিশ্বকাপে নিয়ে যাওয়ার এক কঠিন অথচ রোমাঞ্চকর মিশন হাতে নিয়েছেন তিনি। আর সেই মহাযজ্ঞের শুরুতেই ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে হাঁকালেন দুর্দান্ত এক সেঞ্চুরি।

পর্তুগিজরা এখন লড়াই করছে ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপের ইউরোপীয় সাব-রিজিওনাল কোয়ালিফায়ারে। পর্তুগালের জার্সিতে নামার পর হেনরিকস এখন পর্যন্ত খেলেছেন মাত্র তিনটি ম্যাচ। তাতেই গতকাল চেকিয়ার বিপক্ষে উপহার দিয়েছেন ৫১ বলে ১১১ রানের এক ঝোড়ো ইনিংস। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটাই তার ক্যারিয়ারের প্রথম শতক।

পর্তুগালের সৌন্দর্যমণ্ডিত শহর মাদেইরাতে জন্ম নেওয়া হেনরিকস ছোটবেলায় পরিবারের সঙ্গে পাড়ি জমিয়েছিলেন অস্ট্রেলিয়ায়। সেখানেই ধীরে ধীরে গড়ে ওঠে তাঁর ক্রিকেট ক্যারিয়ার। অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে নিউ সাউথ ওয়েলস ও বিগ ব্যাশের সিডনি সিক্সার্সের দীর্ঘদিনের আস্থার নাম ছিলেন তিনি। অজিদের হয়ে খেলেছেন ৪ টেস্ট, ১৬ ওয়ানডে ও ২৪ টি-টোয়েন্টি। তবে ২০২১ সালে অস্ট্রেলিয়ার হয়ে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলা হেনরিকস গত মাসেই অজি ঘরোয়া ক্রিকেটকে একপ্রকার গুডবাই জানান।মূল লক্ষ্য একটাই—পর্তুগালকে টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পাইয়ে দেওয়া।

ফিনল্যান্ডে চলমান ইউরোপ সাব-রিজিওনাল কোয়ালিফায়ার ‘সি’-তে স্বপ্নের মতো ছুটছে পর্তুগাল, তুলে নিয়েছে টানা চার জয়। তিন ম্যাচে ১৭৮ রান করে টুর্নামেন্টের সর্বোচ্চ সংগ্রাহক এখন হেনরিকসই। চেকিয়ার বিপক্ষে তার বিধ্বংসী শতকে ভর করে ৬ উইকেটে ২১১ রান তোলে পর্তুগাল। জবাবে ব্যাট করতে নেমে ৮.৫ ওভারে ২৫ রানে ৫ উইকেট হারিয়ে চেকিয়া যখন ধুঁকছিল, তখনই নামে বৃষ্টি। শেষ পর্যন্ত ডিএলএস পদ্ধতিতে ৯১ রানের বিশাল জয় পায় পর্তুগিজরা।

এর আগে ইসরায়েলের বিপক্ষে অভিষেক ম্যাচেই ৬৬ রানে অপরাজিত থেকে ইতিহাস গড়েছিলেন হেনরিকস। বিশ্বের পঞ্চম ক্রিকেটার হিসেবে দুটি ভিন্ন দেশের হয়ে টি-টোয়েন্টির মঞ্চে ফিফটি হাঁকানোর বিরল কীর্তি গড়েছেন তিনি। এর আগে এই অভিজাত তালিকায় নাম লিখিয়েছিলেন মার্ক চ্যাপম্যান, টিম ডেভিড, কোরি অ্যান্ডারসন ও নীতীশ কুমার।

অবশ্য পর্তুগালের পরের রাউন্ডের টিকিট এখনো শতভাগ নিশ্চিত হয়নি। ‘এ’ গ্রুপের শক্তিশালী দল স্পেনের মুখোমুখি হতে যাচ্ছে তারা। আজকের এই অলিখিত ফাইনালে বিজয়ী দলটিই মূল ইউরোপীয় আঞ্চলিক ফাইনালে স্কটল্যান্ড, জার্সি ও ডেনমার্কের সঙ্গী হওয়ার সুযোগ পাবে। 
 

LEAVE A REPLY