ছবি : রয়টার্স
জমজমাট লড়াইয়ের মধ্য দিয়ে পর্দা উঠল জার্মান ফুটবলের নতুন মৌসুমের। চিরপ্রতিদ্বন্দ্বী বরুসিয়া ডর্টমুন্ডকে তাদেরই ঘরের মাঠে ২-১ ব্যবধানে হারিয়ে ফ্রাঞ্জ বেকেনবাওয়ার সুপারকাপের ট্রফি ঘরে তুলেছে বায়ার্ন মিউনিখ।বায়ার্নের জয়ে জাল কাঁপান নাথানিয়েল ব্রাউন ও মাইকেল অলিসে। ডর্টমুন্ডের হয়ে ব্যবধান কমান ফাবিও সিলভা।
সিগনাল ইদুনা পার্কে ম্যাচের ২৮ মিনিটে মাইকেল অলিসের চমৎকার পাস নিয়ন্ত্রণ নিয়ে বায়ার্নকে এগিয়ে দেন নাথানিয়েল ব্রাউন। বায়ার্নের জার্সিতে প্রতিযোগিতামূলক ফুটবলে অভিষেকেই এই গোলের দেখা পেলেন তিনি।প্রথমার্ধের যোগ করা সময়ে ডর্টমুন্ডের জোব বেলিংহামের এক ভুল পাসের সুযোগ নিয়ে বক্সে ঢুকে বাঁ পায়ের দারুণ ফিনিশিংয়ে ব্যবধান ২-০ করেন অলিসে।
দ্বিতীয় অর্ধে ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে ওঠে ডর্টমুন্ড। ৭৫ মিনিটে দানিয়েল স্ভেনসনের ক্রস থেকে ফাবিও সিলভার আলতো ছোঁয়ায় ব্যবধান কমে ২-১ হয়। তবে শেষ দিকে বায়ার্নের ইসমায়েল সাইবারিকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ডর্টমুন্ডের রামি বেনসেবাইনি।যোগ করা সময়ে ম্যাক্সিমিলিয়ান বেয়ার সমতা ফেরানোর দারুণ সুযোগ হাতছাড়া করলে হার নিয়েই মাঠ ছাড়তে হয় স্বাগতিকদের।
পুরো ম্যাচেই ছড়ি ঘুরিয়েছেন বায়ার্নের ফরাসি তারকা অলিসে। দলকে জেতানোর পাশাপাশি ৪টি সুবর্ণ সুযোগ তৈরি ও ৩১টি ফাইনাল-থার্ড পাস দিয়ে ম্যাচের সেরা পারফর্মার ছিলেন তিনিই।
এদিকে এই জয়ে এক নতুন ইতিহাস গড়েছেন বায়ার্ন গোলরক্ষক ম্যানুয়েল নয়ার। সুপারকাপে নিজের ১২তম ম্যাচ খেলে থমাস মুলারের সঙ্গে যৌথভাবে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড ছোঁয়া নয়ার এই টুর্নামেন্টের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে ৯ বার শিরোপা উঁচিয়ে ধরার কীর্তি গড়লেন।











































