একই নামে দুই ‘কিং’, বক্স অফিসে মুখোমুখি শাহরুখ-নাগার্জুন

দীর্ঘ বিরতির পর বড় পর্দায় ফিরছেন বলিউডের বাদশাহ শাহরুখ খান। তবে তার প্রত্যাবর্তনের সিনেমা ‘কিং’ মুক্তির আগেই তৈরি হয়েছে নতুন সমীকরণ।একই সময়ে একই নামে আরেকটি সিনেমা নিয়ে হাজির হচ্ছেন দক্ষিণী তারকা নাগার্জুন। ফলে চলতি বছরের বড়দিনে বক্স অফিসে মুখোমুখি হতে চলেছেন ভারতীয় সিনেমার দুই জনপ্রিয় তারকা।

পর পর তিন সিনেমা—‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডানকি’ দিয়ে বক্স অফিসে সাফল্য পাওয়ার পর বড় পর্দা থেকে খানিকটা বিরতিতে ছিলেন শাহরুখ। দেখতে দেখতে কেটে গেছে প্রায় তিন বছর।অবশেষে চলতি বছরের ডিসেম্বরে মুক্তি পাওয়ার কথা রয়েছে তার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’।

King (2026) - IMDb

শাহরুখের প্রত্যাবর্তনের এই সিনেমা নিয়ে ভক্তদের আগ্রহের কমতি নেই। এর মধ্যেই একই দিনে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে নাগার্জুন অভিনীত সিনেমা ‘কিং ১০০’।

শনিবার নাগার্জুনের ৬৭তম জন্মদিন উপলক্ষে প্রকাশ করা হয়েছে সিনেমাটির টিজার।একই সঙ্গে ঘোষণা করা হয়েছে ছবির নাম ও মুক্তির তারিখ। নাগার্জুনের ক্যারিয়ারের ১০০তম সিনেমা হওয়ায় বিশেষভাবে নাম রাখা হয়েছে ‘কিং ১০০’। আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে সিনেমাটির।

প্রায় দেড় মিনিটের টিজারে নাগার্জুনকে দেখা গেছে তার চেনা স্টাইলিশ ও আকর্ষণীয় অবতারে। বয়স বাড়লেও পর্দায় তার দাপট যে এতটুকু কমেনি, টিজারের ঝলকেই তার প্রমাণ মিলেছে।

May be an image of text that says 'ANSAPUENA LONG LONG LIVE THE KING KING KING KA'

নাগার্জুনের সঙ্গে এই সিনেমায় অভিনয় করছেন অভিনেত্রী টাবু। দীর্ঘ ২৮ বছর পর ফের একসঙ্গে পর্দায় দেখা যাবে এই জুটিকে। এর আগে ১৯৯৯ সালের সিনেমা ‘সিসিন্দ্রি’তে একসঙ্গে অভিনয় করেছিলেন তারা।

আর এ কার্তিক পরিচালিত ‘কিং ১০০’ প্রযোজনা করেছে অন্নপূর্ণা স্টুডিওস।

অন্যদিকে শাহরুখ খানের ‘কিং’ পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ। ফলে একই দিনে দুই তারকার ‘কিং’ মুক্তি পেলে ভারতীয় বক্স অফিসে যে বড় ধরনের প্রতিযোগিতা তৈরি হবে, তা নিয়ে এরই মধ্যে শুরু হয়েছে জোর আলোচনা।

একদিকে দীর্ঘ বিরতির পর শাহরুখের প্রত্যাবর্তন, অন্যদিকে নাগার্জুনের ক্যারিয়ারের শততম সিনেমা—দুই সিনেমার আলাদা গুরুত্বই বড়দিনের বক্স অফিস লড়াইকে আরো জমিয়ে তুলেছে। এখন দেখার পালা, দর্শকের ‘কিং’ হয়ে শেষ পর্যন্ত কে রাজত্ব করেন—শাহরুখ নাকি নাগার্জুন?

LEAVE A REPLY