১২ বছর প্রেমের পর বাগদান সারলেন হিমাদ্রিতা পর্ণা

দীর্ঘ ১২ বছরের প্রেমের অবশেষে পরিণতি পেতে যাচ্ছে। দীর্ঘদিনের প্রেমিক ব্যবসায়ী রাজীব চন্দ্রের সঙ্গে মালদ্বীপে বাগদান সম্পন্ন করেছেন কণ্ঠশিল্পী হিমাদ্রিতা পর্ণা।গত ২৮ আগস্ট মালদ্বীপের একটি রিসোর্টে ঘরোয়া আয়োজনে তাদের বাগদান অনুষ্ঠিত হয়।

হিমাদ্রিতার হবু বর রাজীব চন্দ্র পেশায় ব্যবসায়ী। বর্তমানে তিনি সিঙ্গাপুরে বসবাস করছেন। বিয়ের আনুষ্ঠানিকতাও সেখানেই সম্পন্ন করার পরিকল্পনা করেছেন তারা।

‘কালের কণ্ঠ’-এর সঙ্গে আলাপকালে বাগদানের বিষয়টি নিশ্চিত করে হিমাদ্রিতা পর্ণা বলেন, ‘গত ২৮ আগস্ট মালদ্বীপে আমাদের বাগদান সম্পন্ন হয়েছে। ছোটবেলা থেকেই আমার ইচ্ছা ছিল যে, আমি বিয়ে করলে দেশের বাহিরে করব। সে অনুযায়ীই আমরা পরিকল্পনা করি এবং সিঙ্গাপুরে বিয়ের সিদ্ধান্ত নিই। যেহেতু দেশের বাহিরে বিয়ে করব তাই ভাবলাম আমাদের আশীর্বাদটাও বাহিরে করব।সে ভাবনা থেকেই মালদ্বীপে আসার সিদ্ধান্ত নেওয়া।’

হিমাদ্রিতা পর্ণা

জানা গেছে, বাগদানের অনুষ্ঠানে হিমাদ্রিতাকে হীরার আংটি উপহার দিয়েছেন রাজীব। অন্যদিকে হবু স্বামীর হাতে স্বর্ণের আংটি পরিয়ে দিয়েছেন গায়িকা।

রাজীবের সঙ্গে হিমাদ্রিতার পরিচয় প্রায় ১৫ বছরেরও বেশি সময় ধরে। পরিচয়ের একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।তবে শুরুতে সেই সম্পর্ক মেনে নিতে রাজি ছিল না হিমাদ্রিতার পরিবার।

সেই সময়ের কথা স্মরণ করে গায়িকা বলেন, ‘খুব সম্ভবত ২০১১-১২ থেকে রাজীবের সঙ্গে পরিচয়। তখন তো আমরা ছোট ছিলাম। এরপর একটা সময়ে সম্পর্কে জড়াই। কিন্তু আমার বাসা থেকে এই সম্পর্কটা মেনে নিতে চাচ্ছিল না। আর রাজীবেরও কথা একটাই, বাসা থেকে মেনে না নেওয়া পর্যন্ত আমরা বিয়ে করব না। অবশেষে গত বছর আমার পরিবার রাজি হয় এবং আমরা একসঙ্গে নতুন জীবন শুরু করার সিদ্ধান্ত নিই।’

হিমাদ্রিতা পর্ণা

পরিবারের সম্মতি পাওয়ার পরই বিয়ের পরিকল্পনা চূড়ান্ত করেন দুজন। হিমাদ্রিতা জানিয়েছেন, আগামী অক্টোবরের দুর্গাপূজার সময় সিঙ্গাপুরে তাদের বিয়ের আয়োজন হবে। এর আগে সেখানে একটি কনসার্টেও অংশ নেবেন তিনি। বিয়ের পর দেশে ফিরে স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে অনুষ্ঠান করার পরিকল্পনাও রয়েছে এই গায়িকার।

জানা গেছে, আগামী ৫ সেপ্টেম্বর মালদ্বীপ থেকে দেশে ফেরার কথা রয়েছে হিমাদ্রিতার। এরপর কিছুদিন দেশে অবস্থান করে অক্টোবরের শুরুতে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দেবেন তিনি।

বলা দরকার, সংগীত পরিবারের সন্তান হওয়ায় ছোটবেলা থেকেই গানের পরিবেশে বেড়ে উঠেছেন হিমাদ্রিতা পর্ণা। তার বাবা ও দাদা তবলা বাজাতেন। মেয়েকে শিল্পী হিসেবে দেখতে চেয়েছিলেন তার মা-বাবা। সেই স্বপ্ন পূরণে এখনো কাজ করে যাচ্ছেন হিমাদ্রিতা।

রবীন্দ্রসংগীতের মাধ্যমে গানের জগতে তার হাতেখড়ি। পরে কিংবদন্তি শিল্পী সৈয়দ আব্দুল হাদীর কাছে গানের তালিম নেওয়া শুরু করেন তিনি।

২০১৬ সালে নিজের প্রথম মৌলিক গান ‘প্রিয়া রে’ প্রকাশ করেন হিমাদ্রিতা। এরপর নতুন গান প্রকাশ করতে গিয়ে প্রতারণার শিকার হন তিনি। সেই ঘটনার পর কিছুটা সময় গান থেকে দূরে থাকলেও পরে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে নিয়মিত গান করতে শুরু করেন।

গানের পাশাপাশি উপস্থাপনাতেও নিজের পরিচিতি তৈরি করেছেন হিমাদ্রিতা। দেশের বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেলে অনুষ্ঠান উপস্থাপনাও করেছেন তিনি।

LEAVE A REPLY