ভালোবাসা আছে, স্বপ্ন আলাদা—সম্পর্ক টিকিয়ে রাখার উপায় কী?

সংগৃহীত ছবি

“আমি উড়তে চাই, দৌড়াতে চাই, পড়ে যেতেও চাই, শুধু থামতে চাই না”—‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ সিনেমার বানির এই সংলাপ শুধু সিনেমার গল্প নয়, অনেক সম্পর্কের বাস্তবতাও তুলে ধরে। কারণ, দুজন মানুষ একে অপরকে ভালোবাসলেও ভবিষ্যৎ নিয়ে তাদের স্বপ্ন সবসময় এক হতে হবে, এমন নয়।

একজন হয়তো চান স্থির চাকরি, নিজের শহরে বাড়ি, পরিবার ও সন্তান নিয়ে শান্ত জীবন। অন্যজনের স্বপ্ন হতে পারে ব্যবসা শুরু করা, নতুন শহরে যাওয়া, বিদেশে কাজ করা কিংবা ঘুরে বেড়ানো। ভালোবাসা থাকলেও জীবন নিয়ে এই ভিন্ন পরিকল্পনা একসময় সম্পর্কে চাপ তৈরি করতে পারে।

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে সম্পর্ক বিশেষজ্ঞ চাঁদনি গাগলানি বলেন, ভিন্ন উচ্চাকাঙ্ক্ষা থাকলেই একটি সম্পর্ক অসফল হবে—এমন নয়।বরং গুরুত্বপূর্ণ হলো, দুজন মানুষ একে অপরের স্বপ্ন ও পছন্দকে কতটা সম্মান করছেন।

সমস্যা কোথায় তৈরি হয়?

ধরা যাক, দুজনের বয়স ২৯ বছর। একজন নিজের ব্যবসা দাঁড় করাতে চান। তার কাজের সময় নির্দিষ্ট নয়, প্রয়োজনে অন্য শহরে যেতে হতে পারে।অন্যজন চান দ্রুত বিয়ে করে একটি স্থির সংসার শুরু করতে।

এখানে কেউ ভুল করছেন না। সমস্যা তৈরি হতে পারে তখনই, যখন একজন ধরে নেন অন্যজন শেষ পর্যন্ত নিজের পরিকল্পনা বদলে ফেলবেন।

আবার এমনও হতে পারে, একজন ভালো চাকরির সুযোগ পেয়ে ঢাকায় থাকতে চান, অন্যজন পরিবার ও বাবা-মায়ের কাছাকাছি থাকতে চান নিজ শহরে। বিয়ের পর কোথায় থাকবেন—এই একটি প্রশ্নই তখন সম্পর্কের বড় সিদ্ধান্ত হয়ে উঠতে পারে।

ক্যারিয়ার বনাম পরিবার

ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ সময় আর বিয়ে-সংসারের পরিকল্পনা অনেকের জীবনেই একই সময়ে আসে। বিশেষ করে নারীদের ক্ষেত্রে বিষয়টি আরও জটিল হতে পারে। উচ্চশিক্ষা, চাকরিতে পদোন্নতি বা অন্য শহরে কাজের সুযোগের সঙ্গে বিয়ে, সংসার ও পারিবারিক দায়িত্বের প্রশ্নও সামনে আসে।

যেমন, একজন নারী যদি ঢাকার বাইরে বা বিদেশে ভালো চাকরির সুযোগ পান, কিন্তু তাঁর সঙ্গী নিজের ব্যবসা বা পরিবারের কারণে সেখানে যেতে না চান, তাহলে দুজনকেই সিদ্ধান্ত নিতে হবে—কেউ কি নিজের ক্যারিয়ার পিছিয়ে দেবেন, নাকি দুজন আলাদা জায়গা থেকে কিছু সময় সম্পর্ক চালিয়ে যাবেন?

এ ধরনের সিদ্ধান্ত আগে আলোচনা না করলে পরে ক্ষোভ তৈরি হতে পারে।

বিয়ের আগে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ

সম্পর্ক বিশেষজ্ঞের মতে, শুধু “আমরা একে অপরকে ভালোবাসি কি না”—এই প্রশ্ন যথেষ্ট নয়। ভবিষ্যৎ নিয়েও খোলামেলা কথা বলা দরকার।

কোথায় থাকবেন, কার ক্যারিয়ারকে কখন অগ্রাধিকার দেওয়া হবে, সন্তান নেওয়ার পরিকল্পনা কী, দুই পরিবারের দায়িত্ব কীভাবে ভাগ হবে কিংবা প্রয়োজনে কেউ ক্যারিয়ারে বিরতি নিলে অন্যজন কীভাবে পাশে থাকবেন এসব বিষয় নিয়েও কথা বলা জরুরি।

এসব আলোচনা অনেকের কাছে রোমান্টিক মনে নাও হতে পারে। কিন্তু দীর্ঘমেয়াদি সম্পর্কে এগুলোই পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

একই স্বপ্ন নয়, দরকার পারস্পরিক সম্মান

চাঁদনি গাগলানির মতে, ভিন্ন উচ্চাকাঙ্ক্ষা মানেই সম্পর্কের অমিল নয়। দুজন মানুষ সম্পূর্ণ ভিন্ন কিছু চাইলেও সম্পর্ক ভালো থাকতে পারে, যদি কেউ অন্যজনকে নিজের গুরুত্বপূর্ণ স্বপ্ন ছেড়ে দিতে বাধ্য না করেন।

অর্থাৎ, একজন যদি ভ্রমণ করতে চান আর অন্যজন স্থির জীবন চান, তাহলে সমাধান হতে পারে মাঝামাঝি কোনো পথ খোঁজা। বছরে কয়েকবার ভ্রমণ, নির্দিষ্ট সময়ের জন্য অন্য শহরে থাকা কিংবা ক্যারিয়ারের সুযোগ অনুযায়ী ভবিষ্যৎ পরিকল্পনা বদল—সমঝোতার অনেক পথ থাকতে পারে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, সম্পর্কের নামে যেন একজনের স্বপ্ন অন্যজনের কাছে বোঝা হয়ে না যায়।

সম্পর্ক টিকবে কি না, উত্তরটা কোথায়?

দুজনের পাঁচ বছরের পরিকল্পনা হুবহু একই হতে হবে না। একজনের স্বপ্ন বড় ব্যবসা, অন্যজনের স্বপ্ন শান্ত সংসার। তবু সম্পর্ক টিকে থাকতে পারে।

আসল বিষয় হলো, দুজন কি একে অপরের স্বপ্নকে জায়গা দিতে প্রস্তুত? মতপার্থক্য হলে কি কথা বলে সমাধান খোঁজেন? নাকি একজন সবসময় অন্যজনের কাছে নিজের ইচ্ছা বিসর্জন দেন?

কারণ, সুখী সম্পর্কের জন্য সবসময় একই গন্তব্যের প্রয়োজন হয় না। কখনো কখনো আলাদা স্বপ্ন নিয়েও পাশাপাশি হাঁটা যায়।যদি সেখানে থাকে সম্মান, সহযোগিতা এবং একে অপরকে নিজের মতো করে বেড়ে ওঠার সুযোগ।

LEAVE A REPLY